সরকারের সাহায্য চেয়েছে পরিচালক মাতিয়া বানু শুকুর পরিবার
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
নুরুল আলম আতিক, মাতিয়া বাণু শুকু
গুণী নাট্যনির্মাতা ও পরিচালক মাতিয়া বানু শুকু গুরুতর অসুস্থ। ক্যানসারে আক্রান্ত এই নির্মাতার চিকিৎসা ব্যয় বহন করতে হিমশিম খাচ্ছে তার পরিবার। এ অবস্থায় সরকারের সহযোগিতা কামনা করেছেন তার স্বামী ও নির্মাতা নুরুল আলম আতিক।
দীর্ঘদিন ধরে নাটক নির্মাণ ও নাট্যরচনার মাধ্যমে দর্শকদের কাছে পরিচিত মুখ মাতিয়া বানু শুকু। প্রযোজক হিসেবে ‘লাল মোরগের ঝুটি’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন তিনি। তবে বর্তমানে তার জীবনযুদ্ধ চলছে হাসপাতালের বিছানায়।
স্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে নুরুল আলম আতিক বলেন, “আমরা যারা নাটক ও চলচ্চিত্র নির্মাণ করি, আমাদের তো কোনো পেনশন নেই। কাজটাই আমাদের ভরসা। হঠাৎ করে কেউ ক্যানসারে আক্রান্ত হলে পরিবারের ওপর বড় চাপ পড়ে। আমাদের ক্ষেত্রেও তাই হচ্ছে।”
চিকিৎসার ব্যয়ভার প্রসঙ্গে তিনি জানান, ইতোমধ্যে বন্ধু ও স্বজনদের কাছ থেকে সহায়তা পেলেও তা যথেষ্ট নয়। “শুকুর অনেক শুভাকাঙ্ক্ষী আছেন। সবার দোয়া চাই। সে যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে”—যোগ করেন তিনি।
সরকারের সহযোগিতা প্রত্যাশা করে আতিক বলেন, “আমরা দুজনই নির্মাণের সঙ্গে যুক্ত। মাঝখানে তাকে চেন্নাই নিয়ে যেতে হয়েছে। সেখানে চিকিৎসায় অনেক ব্যয় হয়েছে। এই চিকিৎসা দীর্ঘমেয়াদি। তাই সরকারের সহযোগিতা চাইছি। সরকার পাশে দাঁড়ালে চিরকৃতজ্ঞ থাকব।”
পরিবার সূত্রে জানা গেছে, আগামী ২৩ এপ্রিল চেন্নাইয়ে পুনরায় চিকিৎসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করার পাশাপাশি অর্থসংস্থানের বিষয়টিও এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
প্রায় আট মাস আগে মাতিয়া বানু শুকুর ক্যানসার ধরা পড়ে। এরপর তাকে ভারতের চেন্নাইয়ে নিয়ে চিকিৎসা করানো হয়। সেখানে নিয়মিত কেমোথেরাপি ও থেরাপি দেওয়া হয়েছে। প্রতি সপ্তাহে কেমো এবং নির্দিষ্ট সময় পর পর থেরাপি চলমান রয়েছে। সর্বশেষ গত সপ্তাহেও কেমো দেওয়া হয়েছে বলে জানান নুরুল আলম আতিক।
সবশেষে তিনি বলেন, "মানুষের কাছে শুকুর জন্য দোয়া চাই, ভালোবাসা চাই। সবার ভালোবাসায় যেন সে আবার সুস্থ হয়ে ফিরে আসে।”
উল্লেখ্য, মাতিয়া বানু শুকু নির্মিত জনপ্রিয় ধারাবাহিক নাটকের মধ্যে রয়েছে ‘গোল্লাছুট’, ‘টু লেট’ এবং ‘একটা কিনলে আরেকটা ফ্রি’। তিনি ভাষা সৈনিক আব্দুল মতিন-এর কন্যা।
ঢাকা/রাহাত/লিপি