হুমকির মুখে কোনো আলোচনা নয়, যুদ্ধের জন্য ইরানের নতুন কৌশল প্রস্তুত: গালিবাফ
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ
মার্কিন হুমকি ও যুদ্ধবিরতি লঙ্ঘনের কঠোর জবাব দিতে তেহরান প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ।
মঙ্গলবার (২১) এপ্রিল ভোরে এক বার্তায় তিনি বলেছেন যে, সম্ভাব্য যেকোনো নতুন আগ্রাসনের মুখে রণক্ষেত্রে নতুন নতুন কৌশল উন্মোচন করতে ইরান পুরোপুরি প্রস্তুত। খবর মেহের নিউজ এজেন্সির।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে গালিবাফ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, ট্রাম্প একটি ভ্রান্ত ধারণার ওপর ভিত্তি করে কাজ করছেন। দুই সপ্তাহ আগে সম্পাদিত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ওমান সাগরে ইরানি বাণিজ্যিক জাহাজে হামলা এবং নৌ-অবরোধ আরোপের ঘটনাকে তিনি মার্কিন প্রশাসনের চরম ধৃষ্টতা হিসেবে উল্লেখ করেন।
ইরানের এই শীর্ষ আইনপ্রণেতা ও প্রধান আলোচন বলেন, “ট্রাম্প অবরোধ আরোপ এবং যুদ্ধবিরতি লঙ্ঘন করে আলোচনার টেবিলকে আত্মসমর্পণের টেবিলে পরিণত করতে চান। এটি তার নিছক বিভ্রম। তিনি মূলত নতুন করে যুদ্ধ বাঁধানোর অজুহাত খুঁজছেন।”
গালিবাফ স্পষ্ট করে বলেন যে, কোনো ধরনের চাপের মুখে বা হুমকির পরিবেশে ইরান আলোচনায় বসবে না। তিনি বলেন, “আমরা হুমকির ছায়াতলে কোনো আলোচনা মেনে নেব না। গত দুই সপ্তাহে আমরা যুদ্ধের ময়দানে আমাদের লুকানো সক্ষমতা ও নতুন রণকৌশল প্রদর্শনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি।”
ওমান সাগরে মার্কিন নৌবাহিনী কর্তৃক ইরানি পণ্যবাহী জাহাজে হামলার পর তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরবর্তী দফার আলোচনা নিয়ে যখন অনিশ্চয়তা দেখা দিয়েছে, ঠিক তখনই গালিবাফের এই কঠোর মন্তব্য সামনে এলো।
ইরানি সামরিক কমান্ড জানিয়েছে, তাদের প্রতিরোধ ব্যবস্থা সক্রিয় অবস্থায় রয়েছে এবং যেকোনো পরিস্থিতির মোকাবিলায় তারা জাতীয় সক্ষমতার ওপর পূর্ণ আস্থা রাখছে।
ঢাকা/ফিরোজ
নওগাঁয় একই পরিবারের ৪ জনের রক্তাক্ত মরদেহ উদ্ধার