ঢাকা     মঙ্গলবার   ২১ এপ্রিল ২০২৬ ||  বৈশাখ ৮ ১৪৩৩ || ৪ জিলকদ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

এসএসসি 

নারায়ণগঞ্জে ভুল প্রশ্নপত্র সরবরাহ, বিক্ষোভের মুখে সময় বাড়িয়ে পুনরায় পরীক্ষা গ্রহণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৯, ২১ এপ্রিল ২০২৬   আপডেট: ১৯:০৪, ২১ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জে ভুল প্রশ্নপত্র সরবরাহ, বিক্ষোভের মুখে সময় বাড়িয়ে পুনরায় পরীক্ষা গ্রহণ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক এসএসসি পরীক্ষার কেন্দ্রে ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ উঠেছে। পরে শিক্ষার্থী ও অভিভাবকদের বিক্ষোভের মুখে দেড় ঘণ্টা সময় বাড়িয়ে সঠিক প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২১ এপ্রিল) সোনারগাঁ উপজেলার কাচঁপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, কাচঁপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে সকাল ১০টায় পরীক্ষা শুরু হওয়ার পর তিনটি কক্ষে ১৭৭ জন শিক্ষার্থীকে ২০২৫ সালের প্রশ্নপত্র দেওয়া হয়। শিক্ষার্থীরা বিষয়টি কক্ষে দায়িত্বরত শিক্ষককে বলার পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পরে   বেলা সাড়ে ১১টায় তাদের পরীক্ষার প্রশ্ন পরিবর্তন করে ২০২৬ সালের প্রশ্ন দিয়ে দেড় ঘণ্টা সময় বাড়ানো হয়। 

শিক্ষার্থীদের অভিযোগ, নতুন করে সময় বাড়ানো হলেও নির্দিষ্ট সময় পার হওয়ার আগেই খাতা নিয়ে নেন শিক্ষকরা।

অভিভাবকরা বলছেন, পরীক্ষার কেন্দ্রের সচিব মতিন সরকারের দায়িত্বহীনতার কারণে আমাদের সন্তানের ভবিষ্যৎ নষ্ট হলে এর দায়ভার কে নেবে? আমরা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

কাচঁপুর ওমর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মতিন সরকার বলেন, “ভুলবশত ২০২৫ সালের প্রশ্ন দেওয়া হয়েছে। পরে দেড় ঘণ্টা সময় বাড়িয়ে ২০২৬ সালের প্রশ্ন দেওয়া হয়েছে।”

এ বিষয়ে সোনারগাঁ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেছেন, “ভুল প্রশ্নপত্র দেওয়ার বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে কেন্দ্র সচিব ও শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে যেটুকু সময় ভুল প্রশ্নে পরীক্ষা হয়েছে, সেটুকু সময় বাড়িয়ে দিয়ে পুনরায় পরীক্ষা নেওয়া হয়েছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।”

ঢাকা/অনিক/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়