নতুন জুটি নাজিফা তুষি–শ্যামল মাওলা
নাজিফা তুষি, শ্যামল মাওলা
আবারো নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা নাজিফা তুষি। প্রথমবারের মতো জনপ্রিয় অভিনেতা শ্যামল মাওলার সঙ্গে জুটি বাঁধছেন তিনি। ‘সুরাইয়া’ শিরোনামের নতুন সিনেমায় দেখা যাবে তাদের।
সিনেমাটি পরিচালনা করছেন রবিউল আলম রবি। এরই মধ্যে শুরু হয়েছে শুটিং। বিষয়টি নিশ্চিত করে নির্মাতা বলেন, “শুটিং চলছে, তবে আপাতত বিস্তারিত কিছু জানাতে চান না। প্রযোজনা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে সব তথ্য প্রকাশ করবে।”
সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ‘সুরাইয়া’ সিনেমার মধ্য দিয়েই প্রথমবারের মতো জুটি হচ্ছেন তুষি ও শ্যামল। নতুন এই জুটিকে ঘিরে ইতোমধ্যে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।
শিবব্রত বর্মনের গল্প অবলম্বনে নির্মিত সিনেমাটি আন্তর্জাতিক অঙ্গনেও ইতোমধ্যে দৃষ্টি কাড়তে শুরু করেছে। যুক্তরাষ্ট্রের সিয়াটলে অনুষ্ঠিত তাসভীর চলচ্চিত্র উৎসবের ফিল্ম মার্কেটে নির্বাচিত হয়েছে প্রকল্পটি। এর আগে দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফিল্ম মার্কেটেও জায়গা করে নেয় ‘সুরাইয়া’। এছাড়া ফ্রান্সের প্রোডুইর অ সুদ থেকে চিত্রনাট্য উন্নয়নের জন্য পরামর্শক ও ওয়ার্কশপ সহায়তা পেয়েছে সিনেমাটি।
উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ সরকারের অনুদান হিসেবে ৭৫ লাখ টাকা পেয়েছে ‘সুরাইয়া’। সিনেমাটির প্রযোজনার সঙ্গে যুক্ত রয়েছেন ফজলে হাসান।
ঢাকা/রাহাত/শান্ত
ইরানের বিরুদ্ধে হামলা শুরু করতে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প