এবি ব্যাংকের সাড়ে ৪৭ কোটি টাকা আত্মসাত: ব্যবসায়ীকে ১১ বছর কারাদণ্
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
চট্টগ্রাম নগরীর এবি ব্যাংক লিমিটেডের জুবিলি রোড শাখা থেকে প্রায় সাড়ে ৪৭ কোটি টাকা আত্মসাতের মামলায় ব্যবসায়ী গিয়াস উদ্দিন ওরফে কুসুমকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অপর আসামি মোহাম্মদ নুরুন্নবীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।
রবিবার (৩ মে) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত গিয়াস উদ্দিন সীতাকুণ্ড উপজেলার ছলিমপুর এলাকার বাসিন্দা। রায়ের সময় তিনি পলাতক ছিলেন। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
দুদকের পাবলিক প্রসিকিউটর মোকারম হোসেন জানান, মামলায় উপস্থাপিত ১২ জনের সাক্ষ্য ও অন্যান্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এই সাজা দেন। পাশাপাশি তাকে ৪৭ কোটি ৪৯ লাখ ৭৩ হাজার ৮৮৫ টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলার নথি অনুযায়ী, গিয়াস উদ্দিন এবি ব্যাংকের জুবিলি রোড শাখা থেকে বৈদেশিক ও স্থানীয় এলসি খুলে বিপুল পরিমাণ অর্থ উত্তোলন করেন। কিন্তু এলসির বিপরীতে আনা পণ্য ব্যাংকের নিয়ন্ত্রণে না রেখে বিক্রি বা অন্যত্র সরিয়ে ফেলেন। পরবর্তীতে ঋণের অর্থ পরিশোধ করেননি।
এ ঘটনায় ২০১৪ সালের ১৩ মার্চ ব্যাংকের এক কর্মকর্তা কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে সংশ্লিষ্ট ধারায় অভিযোগপত্র দাখিল করা হয়। ২০২১ সালের ৭ নভেম্বর আদালত অভিযোগ গঠন করে বিচার শুরু করেন।
ঢাকা/রেজাউল/বকুল