বান্দরবানে শিশু ধর্ষণের অভিযোগ, কিশোর গ্রেপ্তার
বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গ্রেপ্তারকৃত কিশোর।
বান্দরবানের থানচি উপজেলায় ত্রিপুরা ক্ষুদ্র নৃগোষ্ঠীর পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্তকে কিশোরকে (১৫) গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
শনিবার (২৩ মে) দিবাগত রাতে থানচি সদর ইউনিয়নের নতুন পাড়ায় এলাকায় ধর্ষণ করা হয়। অভিযুক্ত কিশোর নতুন পাড়ার বাসিন্দা। অভিযুক্ত বয়সে কিশোর হওয়ার আইন অনুসারে তার নাম-পরিচয় প্রকাশ করা হলো না।
স্থানীয়রা জানান, ওই শিশুকে খাবারের প্রলোভন দেখিয়ে রাতে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে ওই কিশোর। সকালে ভুক্তভোগী শিশু তার মা-বাবাকে বিষয়টি জানালে পরিবারের লোকজন তাকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করে। আজ রবিবার (২৪ মে) সকালে স্থানীয়রা ওই কিশোরকে ধরে থানচি থানায় সোপর্দ করে।
থানচি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ওয়াহেদুল জামান মুরাদ বলেন, ‘‘ঘটনা শোনার পরপরই আমরা একজন নারী চিকিৎসককে হাসপাতালে রেখেছি। যাতে ভুক্তভোগী শিশুটি যেকোনো সময় চিকিৎসা সেবা নিতে পারে। তবে ভুক্তভোগী ওই শিশুকে সরাসরি বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।’’
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার জানান, ধর্ষণের ঘটনায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
ঢাকা/চাইমং/বকুল
দেশে হাম ও হামের উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু