অটোরিকশা-ভ্যানের সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
কুষ্টিয়ার কুমারখালীতে ব্যাটারিচালিত অটোরিকশা ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শুকতার মোল্লা (৫০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার (২৯ মে) দুপুরে উপজেলার ভারোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শুকতার মোল্লা উপজেলার লাহিনী পাড়ার ফটিক শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুকতার মোল্লা অটোরিকশাযোগে মেয়ের ননদের বাড়িতে যাচ্ছিলেন। পথে কুমাখালীর ভারোলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানের সঙ্গে তাকে বহনকারী অটোরিকশার সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কুমারখালী থানার ওসি (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, “সড়ক দুর্ঘটনায় শুকতার নামে একজন নিহত হয়েছেন। তার মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা/কাঞ্চন/রাজীব