বন্ধের মেয়াদ বাড়লো জবিতে, ক্লাস চলবে অনলাইনে
জবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম
করোনা পরিস্থিতির মধ্যে সরকারের দেওয়া চলমান বিধিনিষেধের পরিপ্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দপ্তরসমূহ আগামী ৩০ মে পর্যন্ত বন্ধ থাকবে। তবে এ সময়ে অনলাইন ক্লাস এবং বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিসেবা চালু থাকবে।
রোববার (২৩ মে) উপাচার্যের (দায়িত্বপ্রাপ্ত) আদেশক্রমে রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাস পরিস্থিতি অবনতির কারণে আগামী ২৪ মে থেকে ৩০ মে পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ/দপ্তর বন্ধ থাকবে। তবে জরুরি প্রয়োজনে ইনস্টিটিউট/বিভাগ/দপ্তরসমূহ খোলা রাখা যাবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। এই সময়ে সব শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লকডাউন চলাকালীন অনলাইন ক্লাস, বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবা (বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন ও ইন্টারনেট এবং নিরাপত্তা) চালু থাকবে এবং সরকারের দেওয়া নির্দেশনাও বলবৎ থাকবে।
সৌদিপ/মাহি