ঢাকা     বুধবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ১৩ ১৪৩২ || ৮ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

রাজশাহীতে পথশিশুদের মুখে ঈদের হাসি ফোটাতে ইউনিস্যাবের উদ্যোগ

রাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৪, ২৫ ফেব্রুয়ারি ২০২৬  
রাজশাহীতে পথশিশুদের মুখে ঈদের হাসি ফোটাতে ইউনিস্যাবের উদ্যোগ

ঈদ মানেই ভালোবাসা, সহমর্মিতা ও আনন্দ ভাগাভাগির উৎসব। কিন্তু, সমাজের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত পথশিশুদের জীবনে সেই আনন্দ অনেক সময়ই অধরাই থেকে যায়। এই বৈষম্য দূর করে তাদের মুখেও ঈদের হাসি ফোটাতে ‘ঈদ ফর স্ট্রিট চিলড্রেন ২০২৬’ শীর্ষক বিশেষ কর্মসূচির উদ্যোগ নিয়েছে রাজশাহী ডিভিশনের ইউনাইটেড নেশনস ইয়ুথ অ্যান্ড স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউনিস্যাব)।

এ লক্ষ্যে ইতোমধ্যে ফান্ড সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামী ৪ মার্চ পর্যন্ত। ৬ মার্চ সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন পোশাক ও খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

আরো পড়ুন:

আয়োজকরা জানান, এটি কেবল আনুষ্ঠানিক আয়োজন নয়; বরং মানবিক দায়বদ্ধতা থেকে নেওয়া একটি সমন্বিত সামাজিক উদ্যোগ। কর্মসূচির মাধ্যমে রাজশাহী শহরের ছিন্নমূল ও অবহেলিত শিশুদের ঈদের আনন্দে সম্পৃক্ত করা হবে, যাতে তারাও উৎসবটি সমানভাবে উপভোগ করতে পারে।

ইতোমধ্যে ইউনিস্যাবের স্বেচ্ছাসেবীরা রাজশাহীর বিভিন্ন এলাকা পরিদর্শন করে উপকারভোগী শিশুদের তালিকা প্রস্তুত করেছেন। ফলে সহায়তা কার্যক্রম সুশৃঙ্খল ও কার্যকরভাবে বাস্তবায়ন সম্ভব হবে বলে জানানা তারা।

উদ্যোগটি সফল করতে ফান্ডিং, ক্রাউডফান্ডিং ও অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অর্থ সংগ্রহ চলছে। সংগঠনটির নিবন্ধিত সদস্য, অ্যালামনাই ও শুভাকাঙ্ক্ষীদের এ মানবিক প্রয়াসে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ইউনিস্যাব রাজশাহী ডিভিশনের রিজিওনাল সেক্রেটারি রাশাদুজ্জামান রাকিব বলেন, “সংগঠনটি দীর্ঘদিন ধরে রাজশাহীর তরুণ শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ ও ক্যারিয়ার প্রস্তুতিমূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। ‘ঈদ ফর স্ট্রিট চিলড্রেন’ তাদের অন্যতম সিগনেচার উদ্যোগ।

তিনি আশা প্রকাশ করেন, সবার সহযোগিতায় এবারো কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হবে। এ উদ্যোগ বাস্তবায়নে রাজশাহীসহ দেশের সর্বস্তরের মানুষের সার্বিক সহায়তা কামনা করেছে সংগঠনটি।

ঢাকা/সাজ্জাদ/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়