ঢাবির আবাসিক হলে ছাত্রদল নেতার গাঁজা সেবনের ভিডিও ভাইরাল
ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ভিডিও থেকে সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্যার এ এফ রহমান হলে ছাত্রদল নেতা মো. মাহদিজ্জামান জ্যোতির গাঁজা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অভিযুক্ত জ্যোতি স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সদস্য সচিব।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আইডি থেকে মাহদিজ্জামান জ্যোতির গাঁজা সেবনের একটি ভিডিও শেয়ার হতে দেখা যায়।
ছাত্রদলের এক সূত্রে জানা গেছে, সম্প্রতি সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের এক নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়। এর জের ধরে মাহদিজ্জামান জ্যোতির গাঁজা সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে অভিযোগ স্বীকার করে অভিযুক্ত জ্যোতি বলেন, “এটা অনেক আগের ভিডিও। এই ভিডিওটি এখন উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামনে এনে আমাকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে।”
এটা কোন সময়ের ভিডিও জানতে চাইলে জ্যোতি বলেন, “এটা ৫ আগষ্টের পরপর কোন এক সময়ের ভিডিও হবে। আমরা জাস্ট কয়েকজন ফ্রেন্ড মিলে মজা করে এটি সেবন করেছিলাম। এটা আর তেমন কিছু না।”
ঢাকা/সৌরভ/জান্নাত