ঢাবি ছাত্র ফেডারেশনের নতুন সভাপতি সজিব, সম্পাদক রনি
ঢাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সভাপতি মো. সজিব হোসেনকে ও সাধারণ সম্পাদক সাকিবুর রহমান রনি
বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার ১৫তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মো. সজিব হোসেনকে সভাপতি এবং সাকিবুর রহমান রনিকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধনী অধিবেশন শুরু হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড। সম্মেলনে সভাপতিত্ব করেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আরমানুল হক।
উদ্বোধনী অধিবেশনে আলোচক হিসেবে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি উম্মে হাবিবা বেনজির।
বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রকৃত উচ্চশিক্ষার কেন্দ্রে পরিণত করা শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়ে এসে শিক্ষার্থীরা মানবিক মানুষ হিসেবে গড়ে উঠবে এটাই প্রত্যাশা।”
প্রথম অধিবেশন শেষে শ্যাডো চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি কেন্দ্রীয় গ্রন্থাগার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় অপরাজেয় বাংলায় এসে শেষ হয়।
পরে দুপুর ২টায় টিএসসির মুনীর চৌধুরী অডিটোরিয়ামে দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহ-সভাপতি সীমা আক্তার, সহ-সাধারণ সম্পাদক সাইমুন নাহার কর্ষী ও হৃদিয়া আফরোজ রাকা, সাংগঠনিক সম্পাদক অর্ক বড়ুয়া, অর্থ সম্পাদক উসাইন মারমা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিক আহমেদ মাসুম, রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক ফোরকান আফ্রাদ এবং দপ্তর সম্পাদক হাসীবুর রহমান।
এছাড়া, নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন রাকিব হোসেন, সিদরাতুল মুনতাহা ওহী এবং আরমানুল হক। কমিটির দুটি পদ শূন্য রাখা হয়েছে।
সম্মেলনের শেষপর্যায়ে নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান অতিথি ও প্রতিনিধিরা। পরে আনুষ্ঠানিকভাবে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।
ঢাকা/সৌরভ/জান্নাত
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হামলা-পাল্টা হামলা