জুলাইয়ে হামলার অভিযোগ
জাবি ছাত্রলীগের ২০ নেতাকর্মীর শাস্তি কমল, ১৬ জনকে অব্যাহতি
জাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
২০২৪ সালের ১৫ জুলাই জাবি উপাচার্যের বাসভবনে আশ্রয় নেওয়া আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীদের হামলা করার মুহূর্তের ছবি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাই গণঅভ্যুত্থান চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত থাকার দায়ে দণ্ডপ্রাপ্ত ১৮৯ ছাত্রলীগ নেতার মধ্যে ৪৩ জনের আপিল নিষ্পত্তি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আপিল পর্যালোচনা শেষে ১৬ জনকে শাস্তি থেকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়া, ২০ জনের শাস্তির মেয়াদ কমানো হয়েছে এবং ৭ জনের ক্ষেত্রে আগের সিদ্ধান্তই বহাল রাখা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) ভোর ৫টায় উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত দীর্ঘ সিন্ডিকেট সভা শেষে এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ. বি. এম. আজিজুর রহমান।
সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, আজীবন বহিষ্কৃত ২১ জন ছাত্রলীগ নেতা শাস্তি পুনর্বিবেচনার আবেদন করেছিলেন। আপিল শুনানি শেষে তাদের মধ্যে ৫ জনকে সব ধরনের শাস্তি থেকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে।
এছাড়া, ৮ জনের স্থায়ী বহিষ্কারাদেশ কমিয়ে দুই বছর এবং ৫ জনের শাস্তির মেয়াদ কমিয়ে এক বছর করা হয়েছে।
অন্যদিকে, এর আগে দুই বছরের জন্য শাস্তিপ্রাপ্ত আটজন শিক্ষার্থীও আপিল করেন। তাদের মধ্যে ৬ জনকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আপিলকারীদের আবেদন, সংশ্লিষ্ট নথিপত্র এবং তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে সিন্ডিকেট এসব সিদ্ধান্ত গ্রহণ করেছে।
ঢাকা/আহসান/জান্নাত