ঢাকা     বৃহস্পতিবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

থ্রি-আই ফার্স্ট ফান্ডের আবেদন শুরু রোববার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৯, ২০ জানুয়ারি ২০২৪  
থ্রি-আই ফার্স্ট ফান্ডের আবেদন শুরু রোববার

পুঁজিবাজারে আসছে ২৫ কোটি টাকার বে-মেয়াদি থ্রি-আই এএমসিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড। ফান্ডটিকে বাজারে আনছে নতুন প্রজন্মের সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান থ্রি-আই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড। কোম্পানি নিজেই ফান্ডের উদ্যোক্তা হিসেবে ১০ শতাংশ যোগান দিচ্ছে।

রোববার (২১ জানুয়ারি) থেকে মিউচুয়াল ফান্ডটির আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন গ্রহণ চলবে আগামী ৬ মার্চ পর্যন্ত। বিনিয়োগকারীদের নতুন এ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন থ্রি-আই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইস্তাক আহমেদ শিমুল।

শনিবার (২০ জানুয়ারি) রাজধানীর পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) অডিটোরিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে ইস্তাক আহমেদ শিমুল বলেন, বিগত তিন বছরে বেশিরভাগ মিউচুয়াল ফান্ড বিনিয়োগকারীদের ভালো রিটার্ন দিতে পারেনি। আমাদের চেষ্টা থাকবে বিনিয়োগকারদের সর্বোচ্চ রিটার্ন দেওয়ার। আমরা আশা করি, বিনিয়োগকারীদের ডাবল ডিজিটের লভ্যাংশ দিতে পারবো। ২০২০-২১ অর্থবছরে আমাদের রিটার্ন ছিলো ৫৪ শতাংশ। ২০২১-২২ অর্থবছরে রিটার্ন আসে ২৪ শতাংশ। এরপর ২০২২-২৩ অর্থবছরে ১৬ শতাংশ রিটার্ন এসেছে। আর সর্বশেষ ২০২৩ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৩১ শতাংশ রিটার্ন এসেছে।

শিমুল বলেন, এই ব্যবসায়ীক সাফল্যের ওপর ভিত্তি করেই আমরা বিনিয়োগকারীদের ভালো রিটার্ন দিতে পারবো বলে আশা করছি। তাছাড়া, আমাদের মিউচুয়াল ফান্ডে যারা বিনয়োগ করবে তাদেরকে আমরা শুধু ইউনিটধারী হিসেবে নয়, আমাদের কোম্পানির শেয়ারহোল্ডার হিসেবে বিবেচনা করবো।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কোম্পানিটির বিগত তিন বছরের সাফল্যের চিত্র তুলে ধরে বলেন, ২০২১, ২০২২ ও ২০২৩ সালে শেয়ারবাজার বেশ অস্থিতিশীল ছিলো। এর মধ্যেই আমাদের প্রতিষ্ঠান গড়ে ৩৫.৭১ শতাংশ রিটার্ন (মুনাফা) পেয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সিএমজেএফের সভাপতি গোলাম সামদানী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক আবু আলী।

প্রসঙ্গত, থ্রি-আই এএমসিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের প্রতিটি ইউনিটের দাম ১০ টাকা। একজন ব্যক্তি বিনিয়োগকারী কমপক্ষে ৫ হাজার টাকা বিনিয়োগ করতে পারবে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের ক্ষেত্রে সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা। ফান্ডটি বছরে যে লভ্যাংশ করবে, তার ৭০ শতাংশ বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ করবে। থ্রি-আই এএমসিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কাস্টোডিয়ানের দায়িত্বে আছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।

ঢাকা/এনটি/ইভা

সর্বশেষ

পাঠকপ্রিয়