মিতা টেক্সটাইলের শেয়ার ডিম্যাট শুরু
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
শেয়ারবাজারের ওভার দ্যা কাউন্টার (ওটিসি) মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি মিতা টেক্সটাইল লিমিটেডের শেয়ার ইলেকট্রনিক পদ্ধতিতে রূপান্তরের প্রক্রিয়া (ডিম্যাট) শুরু হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী কোম্পানিটি এই উদ্যোগ নিয়েছে।
সম্প্রতি কোম্পানিটি তাদের সকল সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের এই তথ্য জানিয়েছে।
বিএসইসির এসআরএমআইসি বিভাগ থেকে ২০২৫ সালের ২৫ এপ্রিল জারি করা চিঠির পরিপ্রেক্ষিতে মিতা টেক্সটাইল তাদের বিনিয়োগকারীদের কাছে সংরক্ষিত কাগুজে শেয়ার সার্টিফিকেটগুলো ডিম্যাট করার প্রক্রিয়া শুরু করেছে। শেয়ারবাজারে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং শেয়ার লেনদেন প্রক্রিয়া আরো আধুনিক ও সহজতর করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ অবস্থায় মিতা টেক্সটাইল কর্তৃপক্ষ তাদের সকল শেয়ারহোল্ডারদের অতিসত্বর কোম্পানির প্রধান কার্যালয়ে যোগাযোগ করে এই ডিম্যাট প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে। কাগুজে শেয়ারগুলো ইলেকট্রনিক ফরমেটে নিয়ে এলে বিনিয়োগকারীরা ভবিষ্যতে শেয়ার লেনদেন বা হস্তান্তরের ক্ষেত্রে বাড়তি সুবিধা পাবেন।
কোম্পানিটি জানিয়েছে, বিস্তারিত তথ্যের জন্য বিনিয়োগকারীদের মুশফিকুর রহমান পিয়াসের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে (মোবাইল: ০১৭৬০৫১২৫৭৮)। এছাড়া কোম্পানির অফিসিয়াল ঠিকানা: বাড়ি-৩৭৪, রোড-৬, বারিধারা ডিওএইচএস, ঢাকা-১২০৬-এ সরাসরি যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, ওটিসি মার্কেটের কোম্পানিগুলোর ডিম্যাট প্রক্রিয়া সম্পন্ন হওয়া ইতিবাচক। এতে বিনিয়োগকারীদের দীর্ঘদিনের পড়ে থাকা শেয়ারগুলো একটি কাঠামোর মধ্যে আসবে এবং তাদের স্বার্থ সংরক্ষিত হবে। কোম্পানিটি যদি ভবিষ্যতে মূল বাজারে ফিরতে চায়, তবে এই ডিম্যাট প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক ধাপ হিসেবে গণ্য হবে।
২০২১ সালের ১৬ সেপ্টেম্বর ওটিসি মার্কেট বাতিল করার সিদ্ধান্ত নেয় বিএসইসি। ফলে ওই মার্কেটের আওতাভুক্ত কোম্পানিগুলোকে আর্থিক সক্ষমতা ও ভবিষ্যৎ সম্ভাবনার ভিত্তিতে এসএমই প্ল্যাটফর্ম এবং এটিবিতে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। এরই ধারাবাহিকতায় ওটিসি মার্কেট থেকে মিতা টেক্সটাইলসকে এটিবিতে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।
মিতা টেক্সটাইলস পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৯৪ সালে। এ কোম্পানিটির প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১৮ কোটি টাকা। সে হিসেবে কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১৮ লাখ। এর মধ্যে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকের হাতে ২৪.০৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৪৭.১২ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের ২৮ শতাংশ শেয়ার রয়েছে। ডিএসইতে মিতা টেক্সটাইলসের শেয়ার সর্বশেষ ৬০ টাকায় লেনদেন হয়েছে।
ঢাকা/এনটি/বকুল