শেয়ারবাজারে বিনিয়োগের নামে অনলাইনে প্রতারণা, বিএসইসির সতর্কতা
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
শেয়ারবাজারে বিনিয়োগের নামে অনলাইনে ছড়িয়ে পড়েছে প্রতারকচক্রের বিভিন্ন লোভনীয় ও প্রতারণার ফাঁদ। এ চক্রান্ত থেকে সাধারণ বিনিয়োগকারীদের সাবধান থাকতে জরুরি সতর্কবার্তা জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সম্প্রতি কমিশনের মার্কেট ইন্টেলিজেন্স ও ইনভেস্টিগেশন ডিভিশন থেকে প্রকাশিত এক জরুরি সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।
সাম্প্রতিক সময়ে অনলাইনে কিছু অসাধু চক্র বিএসইসি’র নাম ব্যবহার করে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করছে বলে তথ্য পাওয়া গেছে। এ সব প্রতারকচক্র নিজেদের বৈধ বা অনুমোদিত সিকিউরিটিজ বা বিনিয়োগ কোম্পানি হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালালেও বাস্তবে তাদের লাইসেন্স বা নিবন্ধনের অস্তিত্ব নেই।
বিএসইসির সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, এক শ্রেণির প্রতারকচক্র বর্তমানে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম, মোবাইল অ্যাপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমকে পুঁজি করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার জাল বিস্তার করছে। এ সব প্রতারকচক্র শেয়ারবাজারে বিনিয়োগের কথা বলে আকাশচুম্বী মুনাফার লোভনীয় প্রস্তাব দিচ্ছে এবং নিজেদের বিএসইসি কর্তৃক অনুমোদিত বলে মিথ্যা দাবি করছে। এ সব প্রতিষ্ঠানের কোনোটিরই নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে বৈধ লাইসেন্স বা নিবন্ধন নেই।
বিশেষ করে 'প্রোসপেরিয়া সিকিউরিটিজ গ্রুপ লিমিটেড' (ওয়েবসাইট: https://prosperiasecurities.com) নামক একটি অনিবন্ধিত প্রতিষ্ঠানের বিরুদ্ধে অনলাইনে প্রতারণামূলক কার্যক্রম চালানোর সুনির্দিষ্ট তথ্য পেয়েছে কমিশন। কোনো প্রকার যাচাই-বাছাই ছাড়া এসব প্ল্যাটফর্মে প্রলুব্ধ হয়ে বিনিয়োগ করলে বিনিয়োগকারীরা বড় ধরণের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন বলে আশঙ্কা করছে নিয়ন্ত্রক সংস্থা। এ ধরনের নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে কমিশনের সংশ্লিষ্টতা নেই এবং বিনিয়োগকারীদের অর্থ হাতিয়ে নেওয়াই তাদের মূল উদ্দেশ্য।
এমন পরিস্থিতিতে বিএসইসি সাধারণ বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে জানিয়েছে, যেকোনো মাধ্যমে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বৈধতা নিশ্চিত করা জরুরি। বিনিয়োগ করার পূর্বে ওই প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন এবং বিএসইসি’র অনুমোদন আছে কি-না তা কমিশনের দাপ্তরিক ওয়েবসাইট (https://sec.gov.bd/home) -এর 'Registered Entities' সেকশনে গিয়ে যাচাই করে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। পাশাপাশি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) এর অফিসিয়াল ওয়েবসাইট থেকেও প্রতিষ্ঠানের বৈধতা ও লাইসেন্স নিশ্চিত করতে পারবেন।
শেয়ারবাজার সংক্রান্ত কোনো অনলাইন প্রতারণা বা যে কোনো ধরণের অনিয়মের তথ্য কারো নজরে আসলে তা অবিলম্বে বিএসইসি’র মার্কেট ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
এ ধরনের সন্দেহজনক কার্যক্রমের তথ্য থাকলে তা ই-মেইলের মাধ্যমে ([email protected]) কমিশনের কাছে পাঠানোর জন্য সকল বিনিয়োগকারীদের আহ্বান জানানো হয়েছে। শেয়ারবাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং বিনিয়োগকারীদের আমানত সুরক্ষিত রাখার লক্ষ্যে বিএসইসি’র এই কঠোর নজরদারি ও সতর্কতামূলক প্রচার চলমান থাকবে বলে জানা গেছে।
ঢাকা/এনটি/বকুল