ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘মনে হয়েছে অ্যালিয়েনের জগতে আছি’

মারুফ খান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৬, ৫ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘মনে হয়েছে অ্যালিয়েনের জগতে আছি’

টাইগার শ্রফ

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা টাইগার শ্রফ। অ্যাকশননির্ভর সিনেমাতেই বেশি অভিনয় করেন। তার পরবর্তী সিনেমা স্টুডেন্ট অব দি ইয়ার-টু। এতে একটু ভিন্নভাবে দেখা যাবে তাকে। সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে সিনেমাটিতে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়েছেন তিনি।

টাইগার শ্রফ বলেন, ‘এ ধরনের সিনেমায় আমি বহিরাগতের মতো এবং মনে হয়েছে অ্যালিয়েনের জগতে আছি। স্টুডেন্ট অব দি ইয়ার  করন স্যারের নিজস্ব ফ্র্যাঞ্চাইজি এবং স্বাভাবিকভাবেই আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। এটি বাঘি ফ্র্যাঞ্চাইজির মতো নয়, যেটি আমার কাছে অনেক সহজ। খুব বেশি চাপ ছিল না, কিন্তু আমাকে বড় দায়িত্ব পালন করতে হয়েছে। প্রথম সিনেমার মাধ্যমে তিনজন তারকা বলিউডে পা রেখেছে। আমি এ ফ্র্যাঞ্চাইজির ভক্তদের নিরাশ করতে চাই না।’

তিনি আরো বলেন, ‘আমি সবসময়ই নায়কচিত বিষয়গুলো করতে চেয়েছি, এটা হতে পারে সুপারহিরো জাতীয় কিছু অথবা সিলভেস্টার স্ট্যালন, আর্নল্ড শোয়ার্জনেগার, ব্রুস লী অথবা জ্যাকি চ্যানের মতো চরিত্র। আমি সবসময়ই গতানুগতিক নায়কদের মতো হতে চেয়েছি—বড় কোনো ভবন অথবা পাহাড়ের ওপর দাঁড়ানো, হেলিকপ্টার বা আর্মিদের মোকাবেলা করা, এই দৃশ্যগুলো আমার মাথায় সবসময় ঘুরপাক খায়। যেমন: কোনো ব্যক্তি বা দেশ যদি বিপদে পড়ে আমি তাদের শেষ ভরসা হতে চাই। এই ধরনের বিষয় আমার মধ্যে কাজ করে ও আমাকে অনুপ্রেরণা দেয় এবং এটিই আমাকে সামনে এগিয়ে নিয়ে যায়।’

২০১২ সালে মুক্তিপ্রাপ্ত স্টুডেন্ট অব দি ইয়ার সিনেমার সিক্যুয়েল এটি। টাইগার শ্রফ ছাড়াও এতে আরো অভিনয় করছেন তারা সুতারিয়া, অনন্যা পান্ডে। এ সিনেমার মাধ্যমে চাংকি পান্ডের মেয়ে অনন্যা পান্ডে রুপালি জগতে পা রাখছেন। এর মাধ্যমে তারা সুতারিয়ারও বলিউডে অভিষেক হচ্ছে। টাইগার শ্রফকে এতে কাবাডি খেলতেও দেখা যাবে। এর জন্য প্রশিক্ষণ নিয়েছেন এ অভিনেতা। সবকিছু ঠিকঠাকভাবে ফুটিয়ে তুলতে দুই মাস প্রশিক্ষণ নিয়েছেন তিনি।

এ ফ্র্যাঞ্চাইজির প্রথম সিনেমাটি পরিচালনা করেছিলেন করন জোহর। তবে দ্বিতীয়টি পরিচালনা করেছেন পুনিত মালহোত্রা। ধর্মা প্রোডাকশনের ব্যানারে আগামী ১০ মে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।  



রাইজিংবিডি/ঢাকা/৫ মে ২০১৯/মারুফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়