ঢাকা     শুক্রবার   ০৬ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ২১ ১৪৩২ || ১৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

শিল্পীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা বন্ধের আহ্বান ডিপজলের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৫, ১৭ নভেম্বর ২০২৫  
শিল্পীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা বন্ধের আহ্বান ডিপজলের

মনোয়ার হোসেন ডিপজল

অভিনয়শিল্পীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ‘মুভিলর্ড’খ্যাত অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।  

সোমবার (১৭ নভেম্বর) তার ভেরিফায়েড ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, “শিল্পীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানি বন্ধ হোক। শিল্পের অগ্রগতির জন্য শিল্পীদের নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা অপরিহার্য।”  

আরো পড়ুন:

গতকাল রবিবার দর্শকপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর বিরুদ্ধে করা তার অপরিচিত এক ব্যক্তির মামলায় জামিন নিতে আদলতে যান এবং জামিন পান। মেহজাবীন জানিয়েছেন, এক অজানা ব্যক্তি ২০২৫ সালের মার্চ মাসে মেহজাবীণ ও তার ১৯ বছর বয়সি ছোট ভাইয়ের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। গত ৯ মাসে এই মামলার কোনো তথ্য পাননি। কারণ, অভিযোগকারী ব্যক্তি পুলিশকে তার সঠিক ফোন নম্বর, সঠিক ঠিকানা বা কোনো যাচাইকৃত তথ্য দিতে পারেননি। 

মেহজাবীনের সঙ্গে ব্যবসা করছিলেন, এমন প্রমাণও দিতে পারেননি অভিযোগকারী। তিনি মেহজাবীনকে ২৭ লাখ টাকা দিয়েছেন তার কোনো প্রমাণ দিতে পারেননি। মেহজাবীনের এ বক্তব্য থেকে তার ভক্তদের কাছে প্রতীয়মান যে, তার বিরুদ্ধে যিনি মামলা করেছেন, তিনি তাকে হয়রানি করতেই করেছেন।

এদিকে, সম্প্রতি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাহ-উর-রহমানের আদালতে ডিপজলের ভক্ত হিসেবে পরিচয় দেয়া এক নারীর স্বামী তার বিরুদ্ধে একটি ‘হত্যাচেষ্টা মামলা’ করেছেন। আদালত বাদীর জবানবন্দি নিয়ে অভিযোগের বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।  

ডিপজলের সঙ্গে এ মামলায় আসামি করা হয়েছে তার সহকারী মো. ফয়সালকে। মামলার অভিযোগে বলা হয়েছে, ডিপজল ও ফয়সালের বিরুদ্ধে মারধর করে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে গত ৮ জুলাই ৩৫ বছর বয়সি ওই নারী মামলা করেন। আদালত মামলাটি পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দেন।  

ডিপজলের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভিত্তিহীন অভিযোগে শুধু হয়রানির জন্য একই ভক্তের পরিবার এসব মামলা করেছে। অথচ ভক্ত যেসব ঘটনার অভিযোগ করেছেন, ওই সময়ে তিনি চিকিৎসার জন্য দেশের বাইরে ছিলেন। 

ডিপজল বর্তমানে চিকিৎসার জন্য দেশের বাইরে রয়েছেন। তার শারীরিক অবস্থা ভালো নয়। তিনি ডায়বেটিস, হৃদরোগ, চোখের সমস্যাসহ শারীরিক অসুস্থতায় ভুগছেন। চিকিৎসকের তত্ত্বাবধানে তাকে দীর্ঘ সময় চিকিৎসাধীন থাকার পরামর্শ দিয়েছেন বলে জানা যায়।  

ডিপজলের পরিবারের পক্ষ থেকে বলা হয়, আমরা অনুরোধ করব, শুধু ডিপজল নয়, যেকোনো শিল্পীর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগে হয়রানিমূলক মামলা কোনোভাবেই কাম্য নয়। 

ঢাকা/রাহাত/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়