ঢাকা     বুধবার   ০৪ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এবার কন্যার বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’র পলাশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২০, ৪ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৬:৫৫, ৪ ফেব্রুয়ারি ২০২৬
এবার কন্যার বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’র পলাশ

স্ত্রী-কন্যার সঙ্গে পলাশ

ফের বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা জিয়াউল হক পলাশ। তার স্ত্রী নাফিসা সুস্থ-ফুটফুটে একটি কন্যাসন্তান জন্ম দিয়েছেন। নতুন অতিথির আগমনে আনন্দে ভাসছে পলাশের পরিবার। 

আনন্দের খবরটি নিশ্চিত করে হাসপাতাল থেকে পলাশ বলেন, “বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে আমাদের কন্যাসন্তানের জন্ম হয়েছে। আলহামদুলিল্লাহ, মা ও সন্তান দুজনেই ভালো আছেন। আমরা সবাই এখনো হাসপাতালে আছি। সবার কাছে দোয়া চাই—আমার ছেলে ও মেয়ে যেন দোয়া ও ভালোবাসায় বড় হতে পারে।” 

আরো পড়ুন:

টেলিভিশন পর্দায় পলাশের জনপ্রিয়তা আসে কাজল আরেফিন অমি পরিচালিত আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ কাবিলা চরিত্রে অভিনয়ের মাধ্যমে। চরিত্রটি তাকে দেশ-বিদেশের দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি এনে দেয় এবং অভিনয়জগতে তার অবস্থান আরো শক্ত করে। 

ব্যক্তিগত জীবনে ২০২২ সালে পারিবারিকভাবে নাফিসা রুম্মান মেহনাজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন পলাশ। এরপর ২০২৩ সালের জুলাই মাসে প্রথম পুত্রসন্তানের বাবা হন। তাদের প্রথম সন্তানের নাম রাখেন মোহাইমিনুল হক আহান। এবার সেই পরিবারে যুক্ত হলো নতুন অতিথি। 

ক্যারিয়ারের শুরুতে ২০১৩ সালে ‘ছবিয়াল’-এর সঙ্গে কাজের মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু করেন জিয়াউল হক পলাশ। দীর্ঘদিন তিনি নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সহকারী হিসেবে কাজ করেছেন। পরবর্তীতে তিনি ইশতিয়াক আহমেদ রোমেলের সহকারী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে কাজল আরেফিন অমির সঙ্গে সহযোগী পরিচালক হিসেবে যুক্ত হন পলাশ। 

পরবর্তীতে অভিনয়ে মনোযোগী হয়ে ওঠেন পলাশ। বিশেষ করে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সাফল্যের পর তার ক্যারিয়ারে নতুন মোড় আসে। অভিনয়ের পাশাপাশি নাটক ও টিভিসি নির্মাণেও মাঝে মাঝে সক্রিয় দেখা যায় এই অভিনেতা-নির্মাতাকে।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়