১৬ বছর পর অনিকেতের ‘কিচেন পলিটিক্স’
ষোল বছরের বিরতি ভেঙে নাট্যকার অনিকেত নতুন নাটক ‘কিচেন পলিটিক্স’ নিয়ে ফিরছেন। বৈশাখী টেলিভিশনের নিজস্ব প্রযোজনায় নির্মিত নাটকটি পরিচালনা করেছেন সাঈদ রিংকু।
২০১০ সালের পর হঠাৎই নাট্যজগৎ থেকে সরে গিয়ে ব্যবসায় মন দেন অনিকেত। দীর্ঘ বিরতির পর আবারো কলম ধরলেন তিনি। নতুন নাটক ‘কিচেন পলিটিক্স’-এর গল্প প্রসঙ্গে অনিকেত জানান, এটি একটি একান্নবর্তী পরিবারকে ঘিরে নির্মিত সামাজিক স্যাটায়ার। পরিবারের প্রধান একজন আদর্শবান অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। তার তিন ছেলে, স্ত্রী এবং দুই পুত্রবধূকে নিয়ে একই ছাদের নিচে বসবাস—পরিচিত এই পারিবারিক কাঠামোর ভেতরেই তৈরি হয় নানা টানাপড়েন, সম্পর্কের হিসাব-নিকাশ আর অদৃশ্য ক্ষমতার লড়াই।
নাটকটিতে অভিনয় করেছেন দিলারা জামান, মাসুম বাসার, মিলি বাসার, নাবিলা ইসলাম, জয়রাজ, একে আজাদ সেতু, পূর্ণিমা বৃষ্টি, দোলন দে, তানহা ইয়াসমিন, সাদিয়া তানজিম, শিবলী নোমান, ঈষিকা সাকিন, মীর নওফেল আশরাফী জিসান, মিলু চৌধুরী, মোস্তফা রতন, নাসরিন অনু, শাহজাদা সম্রাট প্রমুখ।
আগামী ৪ এপ্রিল থেকে বৈশাখী টিভিতে সপ্তাহে তিন দিন—শনিবার, রবিবার ও সোমবার রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে নাটকটি।
অনিকেতের প্রত্যাবর্তন শুধু একটি নতুন নাটক নয়, বরং এক সময়ের জনপ্রিয় ধারার নাট্যভাষারও ফিরে আসা। যুক্তরাষ্ট্রে ইংরেজি সাহিত্যে পড়াশোনা এবং ক্রিয়েটিভ রাইটিংয়ে বিশেষায়িত প্রশিক্ষণ শেষে ২০০১ সালে দেশে ফিরে টেলিভিশন নাটক লেখালেখি শুরু করেন।
তার প্রথম একক নাটক ‘মন কি যে চায়’ দিয়েই দর্শকের নজরে আসেন অনিকেত। এরপর ধারাবাহিকভাবে একের পর এক একক নাটক, টেলিফিল্ম ও সিরিজ লিখে নিজস্ব একটি স্টাইল গড়ে তোলেন।
তার লেখা জনপ্রিয় কাজগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—‘ট্রায়াঙ্গেল’, ‘জলজোসনা’, ‘আমি রবো নীরবে’, ‘ট্রুলি ডিপলি মেডলি’, ‘ট্রানজিশন গার্ল’, ‘ফান উইথ ম্যাডাম ইংগা’, ‘সুনিশ্চিত সীমান্তে’, ‘পথে যেতে যেতে’, ‘লাইফ’, ‘ফ্রেন্ডশিপ’, ‘দি ইনফরমেশন’, ‘প্রথম প্রহর’।
ধারাবাহিক নাটকের ক্ষেত্রেও তার শক্ত অবস্থান। এ তালিকায় রয়েছে—‘প্রাইভেট ইনভেস্টিগেটর’, ‘সোসাইটি’, ‘হাই টেনশন’, ‘কাছে দূরে’, ‘স্বপ্নচূড়া’, ‘মনকরা’, ‘রান’, ‘দি বিচ ক্লাব’ প্রভৃতি।
ঢাকা/রাহাত/শান্ত
সিরাজগঞ্জে সড়ক বিভাজকে ধাক্কা দিল বাস, নিহত ৩