ঢাকা     বৃহস্পতিবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যুগ পেরিয়ে কোনাল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৭, ৫ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১৬:৪৯, ৫ ফেব্রুয়ারি ২০২৬
যুগ পেরিয়ে কোনাল

সোমনূর মনির কোনাল

পেশাদার সংগীতজীবনের দেড় দশক পূর্ণ করেছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত শিল্পী সোমনূর মনির কোনাল। দীর্ঘ সংগীতযাত্রায় আরেকটি বড় অর্জন হয়ে উঠেছে তার গানের দল: কে-কম্পানি। এক যুগেরও বেশি সময় ধরে নিয়মিত সংগীতচর্চা করে আসা দলটি এখন পরিণত হয়েছে কোনালের সংগীতজীবনের অবিচ্ছেদ্য অংশে। 

২০০৯ সালে চ্যানেল আইয়ের জনপ্রিয় রিয়েলিটি শো সেরাকণ্ঠ-এ চ্যাম্পিয়ন হওয়ার কয়েক বছর পরই কোনাল তার সংগীতভাবনাকে দলবদ্ধ রূপ দিতে গড়ে তোলেন কে-কম্পানি।  

আরো পড়ুন:

এ বিষয়ে কোনাল জানান, কে-কম্পানি মানে কোনালের সংগীত সহযাত্রীরা। এই সহযাত্রীদের নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে যেমন গান পরিবেশন করেছেন, তেমনই বিশ্বের নানা দেশের মঞ্চে উঠেছেন। কীভাবে যে এক যুগ পার হয়ে গেছে, তা টেরই পাননি বলে জানান এই সংগীতশিল্পী। 

কে-কম্পানিকে নিজের আরেকটি পরিবার হিসেবে উল্লেখ করে কোনাল বলেন, “এই দলের সঙ্গে শুধু সংগীত নয়, অন্যরকম একটা জীবনেরও ভ্রমণ হয়। আমরা সবাই মিলে সবসময় শ্রোতাদের জন্য সুন্দর ও মানসম্মত অনুষ্ঠান উপহার দেওয়ার চেষ্টা করি।” 

বর্তমানে কে-কম্পানির লাইনআপে কোনালের সঙ্গে রয়েছেন—রকিবুল ইসলাম রকি (লিড গিটার), পলাশ কুমার হালদার (ড্রামস অ্যান্ড পারকাশনস), রুবেল আহমেদ (বেজ গিটার), জাহিদুর রহমান (কি-বোর্ড), উজ্জ্বল কুমার ভট্টাচার্য (পারকাশনস) এবং সজীব (শব্দ প্রকৌশলী)। দলটি বরাবরই স্টেজ শোতে নতুনত্ব আনার চেষ্টা করে আসছে, যার মাধ্যমে তাদের পরিবেশনায় আলাদা স্বাদ খুঁজে পান শ্রোতারা। 

একফ্রেমে কে-কম্পানির সদস্যরা


এক যুগ পূর্তিতে এসে কে-কম্পানি এখন নতুন অ্যালবাম তৈরিতে মনোযোগী হয়েছে। জানা গেছে, দলের পাঁচটি নতুন গানের কাজ চলমান। পাশাপাশি বছর জুড়ে দেশ-বিদেশে নিয়মিত কনসার্টেও অংশ নিচ্ছে। আগামী বছর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কে-কম্পানির ১২ বছর পূর্তি উদ্‌যাপনের পরিকল্পনার কথাও জানিয়েছেন কোনাল।

ঢাকা/রাহাত/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়