‘আমার চরিত্রটা সুপারস্টারের স্ত্রীর, যে সুপারস্টার পরকীয়ায় আসক্ত’
আশনা হাবিব ভাবনা
গত বছর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ধারাবাহিক ‘পাপ কাহিনী’ দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। সেই ধারাবাহিকতায় আসছে এর দ্বিতীয় সিজন। চলতি বছরের জানুয়ারিতে নতুন কিস্তির ঘোষণা দেন অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়। বর্তমানে নতুন সিজনের শুটিং চলছে।
নতুন এই সিজনে অভিনেত্রী আশনা হাবিব ভাবনাকে দেখা যাবে ভিন্ন এক চরিত্রে। তিনি অভিনয় করছেন এক সুপারস্টারের স্ত্রীর ভূমিকায়। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন এই অভিনেত্রী।
আশনা হাবিব ভাবনা বলেন, “এখানে আমার চরিত্রটা একজন সুপারস্টারের স্ত্রীর। আর সেই সুপারস্টার পরকীয়ায় আসক্ত। কিছুদিন আগেই আমার অংশের শুটিং শেষ করেছি। কাজটা করতে ভালো লেগেছে।”
সিরিজটির গল্প কি দেশের কোনো তারকার জীবন থেকে অনুপ্রাণিত—এমন প্রশ্নে সরাসরি উত্তর দেননি ভাবনা। তবে তিনি বলেন, “এটা জয় ভাই ভালো বলতে পারবেন। আমার মনে হয়, এটার উত্তর তার দেওয়া উচিত।”
এদিকে নির্মাতা সুমন ধর পরিচালিত নাম চূড়ান্ত না হওয়া নতুন একটি ওয়েব ধারাবাহিকেও কাজ করছেন ভাবনা। সেই কাজের এখনো প্রায় ১৫ শতাংশ শুটিং বাকি রয়েছে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত বেশ কয়েকটি সিনেমা।
শাহরিয়ার নাজিম জয় পরিচালিত ‘পাপ কাহিনী’ ধারাবাহিক নাটকের দ্বিতীয় সিজনে আরও অভিনয় করেছেন—রুনা খান, কুসুম শিকদার প্রমুখ। আগামী ঈদে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে এটি মুক্তির কথা রয়েছে।
ঢাকা/রাহাত/শান্ত