বড় বাজেট, রোমান্টিক ড্রামায় শাহরুখের নজর
বলিউড বাদশা শাহরুখ খানের পরবর্তী সিনেমা ‘কিং’। এরই মধ্যে সিনেমাটির শুটিং শেষের দিকে। শুটিংয়ের ফাঁকে ফাঁকে নতুন চিত্রনাট্য পড়ারও চেষ্টা করছেন। হঠাৎ তার কাছে রোমান্টিক-ড্রামা ঘরানার একটি সিনেমার প্রস্তাব এসেছে, যা একেবারেই অপ্রত্যাশিত। কারণ এ প্রস্তাব গ্রহণ করলে, তার পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের গতিপথ বদলে যেতে পারে।
পিঙ্কভিলাকে একটি সূত্র জানিয়েছে, বড় বাজেটের, পুরোনো ধাঁচ ও পরিণত রোমান্টিক-ড্রামা সিনেমার প্রস্তাব দেওয়া হয়েছে শাহরুখ খানকে; যা ইন্ডাস্ট্রির অনেককেই অবাক করতে পারে। হঠাৎ করে আসা এই চিত্রনাট্য শাহরুখ খানের খুবই পছন্দ হয়েছে। এটি খুবই গুরুত্বসহকারে বিবেচনা করছেন তিনি।
শাহরুখ খানের নতুন সিনেমার খবরটি তার ভক্তদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়েছে। কারণ শাহরুখ খান আবার সেই রোমান্সে ফিরতে আগ্রহী; যা একসময় তার তারকাখ্যাতির মূল ভিত্তি ছিল। সূত্রটি বলেন, “এটি শাহরুখের আগের চরিত্রগুলোর পুনরাবৃত্তি নয়, এটি বয়স-উপযোগী একটি গল্প, যেখানে পরিণত ভালোবাসার জগৎকে গভীর আবেগ এবং নাটকীয়তার সঙ্গে তুলে ধরা হয়েছে। এই সিনেমায় তাকে আবারও রোমান্সের প্রতীক হিসেবে দেখা যাবে।”
তবে এ সিনেমায় কাজের বিষয়টি এখনো চূড়ান্ত করেননি শাহরুখ। কয়েক মাস সময় নিয়েছেন। এ তথ্য স্মরণ করে সূত্রটি বলেন, “ফারাহ খান পরিচালিত সিনেমা ও নতুন রোমান্টিক সিনেমার কাজ নিয়ে শাহরুখ খান খুবই উচ্ছ্বসিত। জুন মাসের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন শাহরুখ খান; যাতে দুটো স্ক্রিপ্ট ও তাদের অগ্রগতি বিচার করার জন্য পর্যাপ্ত সময় পান। পাশাপাশি ইন্ডাস্ট্রির আরও অনেক শীর্ষস্থানীয় নির্মাতার সঙ্গে দেখা করছেন শাহরুখ খান।”
রোমান্টিক ঘরানার সিনেমায় পুনরায় শাহরুখের অভিনয়ের কারণ ব্যাখ্যা করে সূত্রটি বলেন, “টানা অ্যাকশনধর্মী সিনেমা উপহার দেওয়ার কারণে শাহরুখ খান এখন শারীরিকভাবে বেশি কষ্টকর চরিত্র থেকে কিছুটা বিরতি নিতে চান। কারণ গত কয়েক বছরে ছোটখাটো বেশ কিছু চোট পেয়েছেন এবং চিকিৎসকদের পরামর্শও রয়েছে। তাই এই রোমান্টিক ড্রামার প্রস্তাব তার কাছে সঠিক সময়ে এসেছে। ‘কিং’ সিনেমা মুক্তির পরই তার পরবর্তী সিনেমার শুটিং শুরু করবেন শাহরুখ। সম্ভবত ২০২৭ সালের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে শুটিং শুরু হতে পারে।”
সবকিছু ঠিক থাকলে সিনেমাটি পরিচালনা করবেন ভারতের শীর্ষস্থানীয় একজন পরিচালক। যদিও তার নাম আপাতত গোপন রাখা হয়েছে।
ঢাকা/শান্ত