একটি চলচ্চিত্র ও নাদের চৌধুরীর স্বপ্নডানা
রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম
নাদের চৌধুরী। ছবি : সাগর খান
রাহাত সাইফুল : মঞ্চ, ছোট পর্দা ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা নাদের চৌধুরী। অভিনয়ের পাশাপাশি মঞ্চ নাটকেও নির্দেশনা দিয়েছেন তিনি। তৈরি করেছেন টিভি নাটক ও টেলিফিল্মও। তবে তার মনে ছিলো আরো একটি সুপ্ত বাসনা। চলচ্চিত্র তৈরি করবেন একদিন। নাদের চৌধুরীর সেই ইচ্ছা পূরণ হওয়ার পথে। এবারে তিনি তৈরি করছেন লালচর শিরোনামের একটি সিনেমা। এরই মধ্যে চলচ্চিত্রটি তৈরির জন্য সব ধরণের প্রাক প্রস্তুতি শেষ করেছেন তিনি। সিনেমাটির মহরত ২৮ জানুয়ারি সন্ধ্যায় বিএফডিসিতে অনুষ্ঠিত হয়েছে। আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে এর দৃশ্য ধারণ শুরু হবে। বহুমুখী প্রতিভার অধিকারী এ শিল্পী সম্প্রতি রাইজিংবিডির বিনোদন প্রতিবেদকের সঙ্গে কথা বলেছেন তার স্বপ্নের চলচ্চিত্রটি নিয়ে। তাদের আলাপচারিতা সূত্র ধরে আজকের এই বিশেষ সাক্ষাৎকার আয়োজন।
রাইজিংবিডি : এর আগে মঞ্চে ও নাটকের কাজ করেছেন। এখন হঠাৎ করেই চলচ্চিত্রে আসার কারণ কি?
নাদের চৌধুরী : আমি মঞ্চে নির্দেশনা দিয়েছি। নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছি। কিন্তু চলচ্চিত্র পরিচালক হিসেবে আমি নবীন। চলচ্চিত্র একটি জাতির পরিচয় বহন করে। যে চলচ্চিত্র আমাদের পরিচয় বহন করবে, সেই ধরনের একটি চলচ্চিত্র নির্মাণের স্বপ্ন ছিল আমার। আসলে অনেক বছর ধরেই চলচ্চিত্র নির্মাণ করার কথা ভাবছি। বিভিন্ন কারণেই করা হয়নি। অবশেষে কাজটি করতে যাচ্ছি। আমি কৃতজ্ঞ যে, তথ্য মন্ত্রণালয় আমার উপর আস্থা রেখে আমাকে একটি চলচ্চিত্র নির্মাণের সুযোগ করে দিয়েছে।
রাইজিংবিডি : আপনার প্রথম সিনেমা লালচর। এ সিনেমাটি সম্পর্কে কিছু বলুন?
নাদের চৌধুরী : ১৯৮৪ সালে ইমদাদুল হক মিলনের লেখা নদী উপাখ্যান উপন্যাস। এ উপন্যাসকে চলচ্চিত্রায়ন করতে যাচ্ছি। মূলত এতে নদী ভাঙ্গনের মানুষের জীবন সংগ্রাম,তাদের প্রেম ভালোবাসাকে ঘিরে এ চলচ্চিত্রের কাহিনি। এ সিনেমায় নায়কের চরিত্রে অভিনয় করবেন আনিসুর রহমান মিলন ও নায়িকা চরিত্রে দেখা যাবে সেরা নাচিয়ে-২০১২ এর চ্যাম্পিয়ন মোহনা মীম। সরকারি অনুদানের পাশাপাশি চলচ্চিত্রটি প্রযোজনা করছে ইমপ্রেস টেলিফিল্ম।
রাইজিংবিডি : এ ছাড়া চলচ্চিত্রটিতে আর কে কে অভিনয় করবেন?
নাদের চৌধুরী : এতে আনিসুর রহমান মিলন-মোহনা মীম ছাড়াও অভিনয় করেছেন মাসুম আজিজ, সাবিহা জামান, রফিক উল্লাহ সেলিম, শহীদুজ্জামান সেলিম, ঝুনা চৌধুরী, কাজী শিলাসহ মঞ্চের কয়েকজন তরুণ অভিনেতা।
রাইজিংবিডি : এ সিনেমায় বিশেষ কোনো চমক থাকছে কি?
নাদের চৌধুরী : চমক বলতে এ সিনেমার শেষ দৃশ্যে পাঁচশত লোকের ভিড় দেখানো হবে। এটাকে আমি মনে করছি বড় একটি ব্যাপার।
রাইজিংবিডি : বর্তমানে যে সব সিনেমা তৈরি হচ্ছে লালচরের সঙ্গে এর কোনো পার্থক্য থাকছে কি?
নাদের চৌধুরী : নদী ভাঙ্গন এলাকার মানুষদের জীবন নিয়ে লালচর । এতে শহুরের কোনো দৃশ্য থাকবে না। পুরো সিনেমাটিতে গ্রামের দৃশ্য থাকবে। বর্তমানে সিনেমায় শহুরের দৃশ্য থাকেই, কিন্তু এটায় তা একদমই নেই। তার পরও বলব দর্শক হলে গিয়ে দেখলে পার্থক্য খুঁজে পাবে।
রাইজিংবিডি : এর পর চলচ্চিত্র নির্মাণে নিয়মিত হবেন কি?
নাদের চৌধুরী : এ চলচ্চিত্রটিতে দর্শক আমাকে যদি ভালোভাবে নেয় তাহলে অবশ্যই সিনেমা নির্মাণ করব। ভালো সিনেমা নির্মাণ করার ইচ্ছে আছে।
রাইজিংবিডি : এখনকার অনেক সিনেমায় নকলের অভিযোগ উঠে। আপনার এ সিনেমাটিতে কি তেমন কিছু দর্শক পাবে?
নাদের চৌধুরী : কোনো সম্ভাবনাই নেই। সিনেমাটি কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন এর ‘উপাখ্যান’ উপন্যাস অবলম্বনে নির্মাণ করা হবে। এতে বাহির থেকে কোনো দৃশ্য যোগ করা হবে না। শুধু চিত্রনাট্যের প্রয়োজনে যা করা দরকার, সেটাই করা হয়েছে।
রাইজিংবিডি : সিনেমাটির শুটিং কবে থেকে এবং কোথায় করা হবে?
নাদের চৌধুরী : আগামী ১ ফেব্রুয়ারি মুন্সিগঞ্জের শ্রীনগর পদ্মার চর এবং এর আশে পাশের এলাকায় প্রথম লটের শুটিং শুরুর করব। দ্বিতীয় লটের শুটিং হবে গজারিয়া উপজেলায়। এ দুই লটে শুটিংয়ে বেশির ভাগ কাজ শেষ হয়ে যাবে।
রাইজিংবিডি : এ সিনেমায় গানগুলো কেমন হবে?
নাদের চৌধুরী : এ সিনেমায় রোমান্টিক গান, উৎসবের গান, থিম সংসহ অন্যান্য বাণিজ্যিক সকল উপাদান থাকবে।
রাইজিংবিডি : গানের কথা ও শিল্পী থাকছেন কে কে?
নাদের চৌধুরী : গান লিখেছেন এস এম হারুন অর রশিদ, জুয়েল মাহমুদ। গানের কণ্ঠ দিয়েছেন ডলি সায়ন্তনী, অ্যান্ড্রু কিশোর, নাকিব রিচ চৌধুরী।
রাইজিংবিডি : লালচর নিয়ে আপনার প্রত্যাশা কি?
নাদের চৌধুরী : একটি সুস্থধারার চলচ্চিত্রে যে উপাদান থাকা দরকার এ গল্পের মধ্যে তা আছে। এ সিনেমার গল্পের মধ্যে গতি আছে। আমি আশা করছি, সুস্থ ধারার একটি ভালো চলচ্চিত্র দর্শকদের উপহার দিতে পারব। আমি দর্শকদের সিনেমা হলে নিয়ে আসতে পারব।
রাইজিংবিডি : আপনাকে ধন্যবাদ সময় দেয়ার জন্য।
নাদের চৌধুরী : আপনাকেও ধন্যবাদ।
রাইজিংবিডি/ ঢাকা/২৯ জানুয়ারি ২০১৫/রাহাত/রাশেদ শাওন/মারুফ
রাইজিংবিডি.কম
বগুড়া সিটি করপোরেশন হচ্ছে, দেশে নতুন ৫ উপজেলার অনুমোদন