প্রকাশিত হয়েছে রিদওয়ান আক্রামের ‘পুনশ্চ ঢাকা’
নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম
ছবি: সংগৃহীত
ঢাকার চারশ বছরের ইতিহাস, সমাজ ও সংস্কৃতির নানা অজানা গল্প নিয়ে প্রকাশিত হয়েছে গবেষক ও সাংবাদিক রিদওয়ান আক্রামের নতুন বই ‘পুনশ্চ ঢাকা’। বইটি প্রকাশ করেছে কথাপ্রকাশ।
ঢাকাকে ঘিরে ইতিহাস ও ঐতিহ্যের গল্প যেন শেষ হওয়ার নয়। শহরটি বারবার ফিরে আসে তার অতীতের নানা স্মৃতি নিয়ে। কখনো সেই গল্পে উঠে আসে এক সময়ের জৌলুস, আবার কখনো পাওয়া যায় ধ্বংসের মুখে দাঁড়িয়ে থাকা কোনো নগরের কথা। গল্পের মতো শোনালেও এসবই ইতিহাসের অংশ। সেই ইতিহাসের ভেতর থেকেই ঢাকার সমাজ ও সংস্কৃতির নানা দিক অনুসন্ধানের চেষ্টা করা হয়েছে বইটিতে। মোটামুটি চার শতকের ঢাকার নানা দিক এতে তুলে ধরা হয়েছে।
পাঠকের সুবিধার কথা মাথায় রেখে বইটির লেখাগুলো সাজানো হয়েছে কয়েকটি বিভাগে। এর মধ্যে রয়েছে— ‘প্রতিষ্ঠাতা’, ‘যানবাহন’, ‘উৎসব’, ‘প্রশাসন’, ‘হারানো পেশা’, ‘চিত্রকলা’, ‘লড়াই’, ‘নিসর্গ’ এবং ‘অতিথি’।
বইটির প্রথম রচনা ‘মোগল রাজধানী ঢাকার প্রতিষ্ঠাতার সমাধির খোঁজে’। এতে মোগল সুবাদার ইসলাম খাঁ চিশতির জীবন, মৃত্যু এবং সমাধি নিয়ে দীর্ঘ অনুসন্ধানের বিবরণ রয়েছে। ঢাকাকে মোগল সাম্রাজ্যের রাজধানী হিসেবে প্রতিষ্ঠার পেছনে ইসলাম খাঁ চিশতির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও তাকে নিয়ে তুলনামূলকভাবে কম গবেষণা হয়েছে বলে মনে করেন লেখক।
বইটির দ্বিতীয় রচনা ‘হাওয়ার গাড়ি চইল্লা গেল…’, যা ‘যানবাহন’ বিভাগে অন্তর্ভুক্ত। ঢাকার কোচোয়ান ও ঘোড়ার গাড়ির ইতিহাস নিয়ে এই লেখাটি আগে ‘ঢাকার কোচোয়ানরা কোথায়’ শিরোনামে লেখকের দ্বিতীয় বইয়ে প্রকাশিত হয়েছিল। পরে নতুন তথ্য যুক্ত করে সেটি বিস্তৃত করা হয়েছে।
বইটির বেশ কয়েকটি লেখা বিভিন্ন সময়ে দেশের পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছিল। এর মধ্যে রয়েছে ২০১১ সালের ইত্তেফাক ঈদসংখ্যায় প্রকাশিত ‘ঢাকার নৌযান’, সমকাল ঈদসংখ্যায় প্রকাশিত ‘ঢাকায় কোরবানির ঈদ’ এবং ২০১০ সালে দৈনিক কালের কণ্ঠ-এ প্রকাশিত কয়েকটি লেখা। ঢাকার রাজধানী হওয়ার চারশ বছর পূর্তি উপলক্ষে সে সময় প্রকাশিত বিশেষ সংখ্যাগুলোতে ‘রেনেলের ঢাকা’ ও ‘ঢাকার অদেখা ছবি’ শিরোনামের লেখাও স্থান পেয়েছিল।
বইটির লেখার সঙ্গে প্রয়োজনীয় আলোকচিত্রও সংযোজন করা হয়েছে। ছবিগুলোর অধিকাংশ সংগ্রহ করা হয়েছে ব্রিটিশ লাইব্রেরির আর্কাইভ থেকে। বইটির প্রচ্ছদ করেছেন সব্যসাচী হাজরা। বইটির মূল্য রাখা হয়েছে ৪০০ টাকা।
ঢাকা/লিপি