ঢাকা     সোমবার   ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্প্যানিশ ফ্লুর পর করোনাও জয় করলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১১, ১২ মে ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
স্প্যানিশ ফ্লুর পর করোনাও জয় করলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী

মহামারি করোনাভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যুর ঝুঁকিতে আছেন বয়স্করা। বিশেষ করে ৪৫ থেকে ৯০ বছর বয়সীরা। সেখানে কারো বয়স যদি ১০০ বছরের উপরে হয় তাহলে তাকে বাঁচানো যাবে এই বাজি ধরার লোক পাওয়া দুস্কর। কিন্তু ১১৩ বছর বয়সে করোনা জয় করে বিশ্বে হৈচৈ ফেলে দিয়েছেন স্পেনের মারিয়া ব্রানিয়াস।

স্পেনের স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী তিনি দেশটির সবচেয়ে বয়স্ক মানুষ হিসেবে করোনা জয় করেছেন। আর গবেষকদের মতে, তিনিই বিশ্বের সবচেয়ে বেশি বয়সী নারী যাকে টলাতে পারেনি বিশ্বের ত্রাস করোনা।

শুধু করোনাভাইরাস নয়, কিশোরী বয়সে ব্রানিয়াস জয় করেছিলেন স্প্যানিশ ফ্লুও। তার জন্ম ১৯০৭ সালে। ১৯২০ সালে তিনি স্প্যানিশ ফ্লুতে আক্রান্ত হয়েছিলেন। স্পেনের নর্দার্ন কাতালোনিয়ায় সান্তা মারিয়া ডেল কেয়ার হোমে গেল ২০ বছর ধরে আছেন তিনি। এই সময়ের মধ্যে খুব একটা অসুস্থ হননি।

ওই কেয়ার হোমের ১৭ জন করোনা আক্রান্ত হয়ে মারা যান। ১১৩ বছর বয়সী ব্রানিয়াস যাতে আক্রান্ত না হন সে কারণে তার দেখাশুনার দায়িত্বে মাত্র একজনকে নিয়োজিত করা হয়। খুবই সতর্কতার সঙ্গে তিনি তার দেখাশুনা করছিলেন। কিন্তু করোনা আক্রান্ত হওয়া থেকে তাকে রক্ষা করা যায়নি।

চলতি বছরের ৪ মার্চ ১১৩তম জন্মদিন পালন করেন মারিয়া ব্রানিয়াস

এপ্রিলের মাঝামাঝিতে পি.সি.আর টেস্ট করা হয় এবং তিনি করোনা পজিটিভ হন। এরপর আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠেন।

ব্রানিয়াস ১৯৩১ সালে জিরোনার ডাক্তার জোয়ান মরেটকে বিয়ে করেন। তাদের তিন সন্তান ছিলো। বর্তমানে ১১ জন নাতি-নাতনি রয়েছে। তাদের মধ্যে কারো কারো বয়স বর্তমানে ৬০! ব্রানিয়াসের নাতি-নাতনিদেরও ১৩ সন্তান রয়েছে।

মহামারি করোনাভাইরাসে আটলান্টিক পাড়ের দেশ স্পেনে ২৬ হাজার ৯২০ জন মারা গেছে। আক্রান্ত হয়েছে ২ লাখ ৬৯ হাজার ৫২০ জন। সেরে উঠেছে ১ লাখ ৮০ হাজার ৪৭০ জন।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়