ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যুক্তরাষ্ট্রে খাদ্য উৎসবে গুলিতে ৩ জন নিহত

এনএ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৪৫, ২৯ জুলাই ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যুক্তরাষ্ট্রে খাদ্য উৎসবে গুলিতে ৩ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি খাদ্য উৎসবে গুলিতে অন্তত তিনজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার সন্ধ্যায় স্যান হোসে থেকে ৩০ মাইল দক্ষিণপূর্বে গিলরয়ের ক্রিসমাস হিল পার্কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।

পুলিশ জানিয়েছে, তিন দিনের গার্লিক ফেস্টিভালের শেষ দিনে অনুষ্ঠানের শেষ সময়ে এক বন্দুকধারী এলাপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এতে গুলিবিদ্ধ হয়ে কয়েকজন লুটিয়ে পড়েন।

স্থানীয় সিটি কাউন্সিলের সদস্য ডায়ান ব্র্যাকো নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন, গুলিতে  তিনজন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন অন্তত ১২ থেকে ১৫ জন।

ওই বন্দুকধারীও পরে পুলিশের গুলিতে মারা যায়। তবে ঘটনাস্থলে তার সঙ্গে আরো একজন ছিল বলে সন্দেহ করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত করছে পুলিশ।

সংবাদমাধ্যম এনবিসিকে জুলিসা নামের এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, প্রায় ৩৫ বছরের এক শেতাঙ্গ হঠাৎ অনুষ্ঠানস্থলে প্রবেশ করে গুলি বর্ষণ শুরু করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ভিডিওতে দেখা যায়, লোকজন দৌড়ে পালাচ্ছেন।

গিলরয়ের পুলিশ প্রধান স্কট স্মিথি সাংবাদিকদের জানান, হামলাকারী পার্কের বেড়া কেটে ঘটনাস্থলে প্রবেশে করে। প্রত্যক্ষদর্শীরা তার সঙ্গে আরো একজনের জড়িত থাকার কথা বলেছেন।  সন্দেহভাজন ওই ব্যক্তি আড়াল থেকে সহায়তা করেছে বলে ধারণা করা হচ্ছে।


রাইজিংবিডি/ঢাকা/২৯ জুলাই ২০১৯/এনএ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়