সিঙ্গাপুরে আরো এক বাংলাদেশি করোনাভাইরাস মুক্ত
সিঙ্গাপুরে করোনাভাইরাস আক্রান্ত আরো এক বাংলাদেশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে দেশটিতে কর্মরত তিন বাংলাদেশি শ্রমিক করোনাভাইরাস মুক্ত হলেন। সোমবার সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
আগের দুজনের মতোই সোমবার হাসপাতাল থেকে ছাড়া পাওয়া বাংলাদেশির নাম-পরিচয় প্রকাশ করেনি সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়। আক্রান্তের তালিকায় তাকে ৬৯ নম্বর হিসেবে দেখানো হয়েছিল।
৯ ফেব্রুয়ারি প্রথমবারের মতো এক বাংলাদেশির করোনাভাইরাসে আক্রান্তের খবর জানায় সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়। এর পরে আরো চার বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়। তাদের কারো নামই প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তবে এরা সবাই শ্রমিক এবং তাদের কর্মস্থল সেলেটার অ্যারোস্পেস হাইটসে। গত বুধ ও শুক্রবার দুই বাংলাদেশিকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। করোনা আক্রান্তদের তালিকায় দুজনের ক্রম ছিল ৫২ ও ৫৬।
ঢাকা/শাহেদ
রাইজিংবিডি.কম