লকডাউনে বাড়ি ফেরার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
লকডাউনের মধ্যে বাড়ি ফেরার দাবিতে মঙ্গলবার ভারতের বাণিজ্যনগরী মুম্বাইয়ের বান্দ্রায় বিক্ষোভ করেছে কয়েক হাজার শ্রমিক। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করেছে পুলিশ।
করোনার প্রকোপ ঠেকাতে গত ২৪ মার্চ মধ্যরাত থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টানা ২১ দিনের লকডাউন ঘোষণা করে ভারত। কিন্তু এরপরও আক্রান্তের সংখ্যা বাড়ায় ৩ মে পর্যন্ত দ্বিতীয় দফায় লকডাউন ঘোষণা করেন মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
লকডাউন উঠতে পারে সেই সম্ভাবনায় বাড়ি ফিরতে দুপুরের দিকে মুম্বাইয়ের বান্দ্রায় স্টেশনের বাইরে বাস ডিপোয় জড়ো হয়েছিলেন বিভিন্ন রাজ্যের আটকে থাকা প্রায় এক হাজার শ্রমিক। দ্বিতীয় দফা লোকডাউন ঘোষণায় বাস-ট্রেন না চলায় রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। এদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। এতে আহত হয় বেশ কয়েকজন।
মুম্বাই পুলিশের এক কর্মকর্তা জানান, বিক্ষুব্ধরা সবাই দিনমজুর। মূলত উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গ থেকে এসেছেন। পটেল নগরী বস্তিতে থাকেন এরা। মঙ্গলবার বেলা ৩টার দিকে বান্দ্রা স্টেশনের কাছে বাস ডিপোতে প্রায় ১০০০ জন জড়ো হন। রাস্তার উপরই বসে পড়েন তারা। বাড়ি ফেরার জন্য বাসের ব্যবস্থা করে দেওয়ার দাবি তুলতে শুরু করেন তারা।
শ্রমিকদের ঘরে ফেরাতে কেন্দ্রের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী উদ্ধব থ্যাকারের ছেলে আদিত্য থ্যাকারে টুইটারে লিখেণে, ‘বান্দ্রা স্টেশনের বর্তমান পরিস্থিতি বিক্ষিপ্ত, বা সুরাটে হিংসার ঘটনা, কেন্দ্রীয় সরকারের শ্রমিকদের বাড়ি ফেরাতে না পারার ফল। তারা খাদ্য বা আশ্রয় চাননা, তারা ঘরে ফিরতে চান।’
ঢাকা/শাহেদ
রাইজিংবিডি.কম