ঢাকা     বুধবার   ০৪ মার্চ ২০২৬ ||  ফাল্গুন ১৯ ১৪৩২ || ১৪ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

লাদাখে সীমান্তের কাছে তিনটি রানওয়ে তৈরি করছে চীন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৪, ৬ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৪:৩০, ৬ সেপ্টেম্বর ২০২০
লাদাখে সীমান্তের কাছে তিনটি রানওয়ে তৈরি করছে চীন

লাদাখে ভারত-চীনের সীমান্ত প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে অন্তত তিনটি নতুন রানওয়ে তৈরি করছে চীনারা, সামরিক সূত্রের উদ্ধৃতি দিয়ে এই খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার। 

এদিকে ভারতীয় সেনাবাহিনী উত্তর ভারতের বিভিন্ন এলাকা থেকে আরও কমান্ডো বাহিনী লাদাখে পাঠাচ্ছে বলে জানিয়েছেন নামপ্রকাশে অনিচ্ছুক এক সেনা কর্মকর্তা।

আরো পড়ুন:

সেনা সূত্রে খবর, চীনের হোটান বিমান ঘাঁটির কাছে অন্তত তিনটি রানওয়ে তৈরি করা হচ্ছে। সেখানে একটি বড় অস্ত্রশস্ত্রের ঘাঁটিও তৈরি করছে পিপল’স লিবারেশন আর্মি। কারাকোরাম গিরিপথ থেকে ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত হোটান ঘাঁটি। সেখান থেকে লাদাখের প্যাংগং সো লেকের ফিঙ্গার ফোর এলাকার দূরত্ব ৩০০ কিলোমিটার।

এক সেনা কর্মকর্তা বলেছেন, ‘চীনের সঙ্গে ব্রিগেডিয়ার স্তরে আলোচনা প্রায় ব্যর্থ। চীনা সেনা দখল করা এলাকা ছাড়তে রাজি নয়। বরং গত সপ্তাহে আমরা যে এলাকা দখল করেছি তা ছেড়ে যেতে আমাদের চাপ দিচ্ছে চীন। আমাদের ধারণা, আলোচনার আড়ালে চীন আসলে দ্রুত নির্মাণকার্য চালাচ্ছে।’’

সেনা সূত্রের খবর, উত্তর ভারতের বিভিন্ন এলাকা থেকে কমান্ডো বাহিনীর চারটি ইউনিট লাদাখে পাঠাচ্ছে ভারতীয় সেনা। তাদের মধ্যে প্যারা কমান্ডোর ইউনিটও রয়েছে।

লাদাখের রাজনীতিক সাজ্জাদ হুসেন কার্গিলের মতে, ‘কোভিড আর সীমান্তে উত্তেজনার ফলে দুদিক থেকে চাপে পড়েছেন লাদাখবাসী। প্রতিদিনই সীমান্তে নতুন উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে। নয়াদিল্লির উচিত কূটনৈতিক পথে দ্রুত উত্তেজনা কমানোর চেষ্টা করা।’

পূর্ব লাদাখ সীমান্তে অচলাবস্থার জন্য সরাসরি ভারতকেই দায়ী করেছে চীন। বেইজিং সাফ জানিয়েছে, চীন এক ইঞ্চি জমিও ছেড়ে দেবে না। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে চীন সরকারের পক্ষ থেকে এই দাবি করা হয়েছে।

ঢাকা/ফাহিম

সর্বশেষ

পাঠকপ্রিয়