গাজায় কবরস্থান বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী
ইসরায়েলি বাহিনী গাজার একটি কবরস্থানের কিছু অংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে। এই কবরস্থানে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত কয়েক ডজন ব্রিটিশ, অস্ট্রেলিয়ান এবং অন্যান্য মিত্র সেনার কবর রয়েছে। স্যাটেলাইট চিত্র এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বুধবার দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।
গাজা শহরের আল-তুফাহ জেলায় অবস্থিত কবরস্থানের স্যাটেলাইট চিত্রে এর দক্ষিণতম কোণে বিস্তৃত মাটির কাজ দেখা যাচ্ছে। কবরস্থানের চারপাশে বোমার গর্ত দেখা যাচ্ছে। এই এলাকায় ধ্বংসযজ্ঞ আরও নিয়মতান্ত্রিকভাবে করা হয়েছে বলে মনে হচ্ছে। সমাধিস্তম্ভের সারি সরানো হয়েছে, উপরের মাটি সরানো হয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকার মাঝখানে একটি বিশাল মাটির তৈরি অংশ দেখা যাচ্ছে। এটি এমন আকারের যা ভারী যন্ত্রপাতি ব্যবহারের ইঙ্গিত দেয়।
গত বছরের মার্চ মাসে মাটির কাজ করার কোনো চিহ্ন ছিল না। তবে ৮ আগস্টের একটি স্যাটেলাইট ছবিতে সেগুলো স্পষ্টভাবে দৃশ্যমান। ১৩ ডিসেম্বরের কবরস্থানের একটি ছবিতে বিশৃঙ্খল এলাকাটি আরোস্পষ্টভাবে দেখা যাচ্ছে। কবরস্থানের বাকি অংশজুড়ে সমাধিস্তম্ভের সারিগুলোর মধ্যে গাছপালা আবার বেড়ে উঠেছে, কিন্তু দক্ষিণ-পশ্চিম কোণটি এখনো খালি রয়েছে।
কবরস্থানের সাবেক তত্ত্বাবধায়ক এসাম জারাদাহ বলেন, “কবরস্থানে দুটি বুলডোজার দিয়ে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছিল। প্রথম বুলডোজারটি কবরস্থানের দেয়ালের বাইরে ব্যবহার করা হয়েছিল, যা কবরস্থানের চারপাশে প্রায় ১২ মিটার বিস্তৃত ছিল। এই অঞ্চলগুলো সম্পূর্ণরূপে গাছ দিয়ে ঘেরা ছিল। পরবর্তীতে কবরস্থানের দেয়ালের ভিতরে, বিশেষ করে কবরস্থানের কোণে, যেখানে অস্ট্রেলিয়ান সেনাদের কবর রয়েছে, সেখানে এক হাজার বর্গমিটারেরও কম জায়গা বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছিল। বিদেশী দর্শনার্থীরা যেখানে স্মৃতিস্তম্ভে বসতেন সেই বেঞ্চ থেকে শুরু করে স্মারকস্তম্ভ পর্যন্ত এলাকাটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল।”
ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন, “এই এলাকায় অভিযানের সময় সন্ত্রাসীরা সেনাদের উপর আক্রমণ করার চেষ্টা করেছিল এবং কবরস্থানের কাছাকাছি স্থাপনাগুলোতে আশ্রয় নিয়েছিল। প্রতিক্রিয়ায়, স্থলভাগে কর্মরত আইডিএফ সেনাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য চিহ্নিত হুমকিগুলোকে নিস্ক্রিয় করার জন্য এলাকায় অপারেশনাল ব্যবস্থা নেওয়া হয়েছিল।”
ঢাকা/শাহেদ