রাষ্ট্রপতি শাসন অবসানের পর মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী খেমচাঁদ সিং
কলকাতা ব্যুরো || রাইজিংবিডি.কম
প্রায় এক বছর পর বুধবার স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে রাষ্ট্রপতি শাসনের অবসান হয়েছে মণিপুরে। এর কয়েক ঘণ্টার মধ্যে শপথ নিলেন মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং। এদিন মুখ্যমন্ত্রীর পাশাপাশি শপথ নেন দুই উপ-মুখ্যমন্ত্রী নেমচা কিপগেন এবং লোসি দিখো।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে মেইতেই-কুকি তীব্র সংঘর্ষের মধ্যে মুখ্যমন্ত্রী পদ ছাড়েন এন বিরেন সিং। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের নির্দেশে স্থগিত হয় মণিপুর বিধানসভাও। এর পরে রাজ্যে জারি হয়েছিল রাষ্ট্রপতি শাসন। বুধবার রাষ্ট্রপতির শাসন অবসানের পরে সন্ধ্যা ৬টা নাগাদ একে একে শপথ নিলেন মণিপুরের নুতন মুখ্যমন্ত্রী, দুই উপ-মুখ্যমন্ত্রী এবং রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী। দুই সম্প্রদায়ের সংঘর্ষ থামাতে কার্যত ‘কোটা সিস্টেমে’ মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী বেছে নিল বিজেপি। উল্লেখ্য, মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং, উপ-মুখ্যমন্ত্রী নেমচা কিপগেন কুকি এবং উপ-মুখ্যমন্ত্রী লোসি দিখো নাগা সম্প্রদায়ের।
বর্তমানে মণিপুর বিধানসভায় বিজেপির ৩৭ জন বিধায়ক রয়েছেন। এনডিএ - এর শরিক দল ন্যাশনাল পিপলস পার্টির ৬ জন এবং নাগা পিপলস ফ্রন্টের ৫ জন বিধায়ক আছেন। এছাড়া ৩ জন নির্দল বিধায়কও বিজেপি নেতৃত্বাধীন সরকারকে সমর্থন করছেন। এনপিপি প্রধান এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা ও এনপিএফ— উভয় দলই মণিপুরে এনডিএ-র শরিক হিসেবে বিজেপিকে সমর্থন দিচ্ছে।
ঢাকা/সুচরিতা/শাহেদ