ঢাকা     রোববার   ১৫ ফেব্রুয়ারি ২০২৬ ||  ফাল্গুন ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিরোধী নেতা নাভালনি হত্যায় ব্যাঙের বিষ ব্যবহার করেছে রাশিয়া: যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৪, ১৫ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১০:৩৭, ১৫ ফেব্রুয়ারি ২০২৬
বিরোধী নেতা নাভালনি হত্যায় ব্যাঙের বিষ ব্যবহার করেছে রাশিয়া: যুক্তরাজ্য

২০২১ সালের ২০ ফেব্রুয়ারির এই ফাইল ছবিতে মস্কোর একটি আদালতে শুনানির সময় কাঁচের কক্ষের ভেতরে দাঁড়িয়ে আছেন আলেক্স নাভালনি

২০২৪ সালে রাশিয়ার একটি কারাগারে দেশটির বিরোধী দলীয় নেতা অ্যালেক্স নাভালনির মৃত্যুর দুই বছর পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছে যুক্তরাজ্য ও তার ইউরোপীয় মিত্ররা। তাদের দাবি, বিষাক্ত ব্যাঙের বিষ প্রয়োগ করে নাভালনিকে হত্যা করেছে রুশ সরকার।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

আরো পড়ুন:

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, সুইডেন এবং নেদারল্যান্ডসের যৌথ তদন্তে নাভালনির শরীরে ‘এপিব্যাটিডিন’ নামক একটি বিষের উপস্থিতি পাওয়া গেছে। তারা নাভালনির দেহে পাওয়া নমুনার বিশ্লেষণের ভিত্তিতে ক্রেমলিনকে এই মৃত্যুর জন্য দায়ী করেছে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার বলেন, “নাভালনি যখন রাশিয়ার কারাগারে বন্দি ছিলেন, তখন এই বিষ ব্যবহারের একমাত্র উপায়, উদ্দেশ্য এবং সুযোগ ছিল রুশ সরকারের।”

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, “রাশিয়া নাভালনিকে হুমকি হিসেবে দেখত। এই ধরনের বিষ ব্যবহারের মাধ্যমে রুশ রাষ্ট্র বুঝিয়ে দিয়েছে যে তাদের হাতে কী ধরনের জঘন্য সরঞ্জাম রয়েছে এবং রাজনৈতিক বিরোধীদের প্রতি তাদের কতটা ভয়।”

বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্য ও তার মিত্ররা যে বিষ ব্যবহারের কথা বলেছে, সেই ‘এপিবাটিডিন’ মূলত দক্ষিণ আমেরিকার বিষাক্ত এক প্রজাতির ব্যাঙ থেকে পাওয়া যায়।

ব্রিটিশ বিষ বিশেষজ্ঞ জিল জনসনের মতে, এটি মরফিনের চেয়ে ২০০ গুণ বেশি শক্তিশালী। এটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ওপর কাজ করে মাংসপেশির খিঁচুনি, পক্ষাঘাত, হার্টবিট কমে যাওয়া এবং শ্বাসকষ্টের মাধ্যমে মৃত্যু ঘটায়।

তিনি জানান, কারাগারে লালিত এই ব্যাঙের বিষ রাশিয়ায় প্রাকৃতিকভাবে পাওয়া অসম্ভব, কারণ বন্দি অবস্থায় এই ব্যাঙ বিষ তৈরি করতে পারে না। এটি অত্যন্ত বিরল একটি বিষ, যা সংগ্রহ বা তৈরি করা সাধারণ কারও পক্ষে সম্ভব নয়।

নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়া দীর্ঘদিন ধরেই দাবি করে আসছিলেন যে, তার স্বামীকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। এই প্রমাণের পর তিনি ইউরোপীয় দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এদিকে, রাশিয়া বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) ক্রেমলিন মুখপাত্র মারিয়া জাখারোভা এই তদন্তকে পশ্চিমা দেশগুলোর নিজস্ব সমস্যা থেকে বিশ্ববাসীর মনোযোগ সরানোর জন্য একটি ‘তথ্যযুদ্ধ’ বা প্রোপাগান্ডা হিসেবে প্রত্যাখ্যান করেন। 

অ্যালেক্সে নাভালনি রাশিয়ার সবচেয়ে প্রভাবশালী বিরোধী নেতা ছিলেন। তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচিক হিসেবে পরিচিত ছিলেন। ২০২০ সালে তাকে ‘নভিচক’ নামক নার্ভ এজেন্ট দিয়ে বিষ প্রয়োগ করা হয়েছিল, যা থেকে তিনি জার্মানিতে চিকিৎসা নিয়ে সুস্থ হন। পরে রাশিয়ায় ফিরলে তাকে গ্রেপ্তার করা হয় এবং ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি ৪৭ বছর বয়সে সাইবেরিয়ার একটি কারাগারে তার রহস্যজনক মৃত্যু হয়।

তার মৃত্যুর কারণ হিসেবে রুশ কর্তৃপক্ষ জানিয়েছিল, নাভালনি হাঁটার সময় অসুস্থ বোধ করেন এবং জ্ঞান হারিয়ে মারা যান।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়