সরাসরি: প্রাণপণ লড়াইয়ের বার্তা ইরানের, ‘আত্মরক্ষার ক্ষেত্রে কোনো সীমা নেই’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
ইরান জানিয়েছে, আত্মরক্ষার অধিকারের ক্ষেত্রে তাদের জন্য কোনো সীমা নেই।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রবিবার (১ মার্চ) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি প্রত্যাখ্যান করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক হামলার জবাবে প্রতিশোধ নেওয়ার অধিকার ইরানের রয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেছেন, “কেউ আমাদের বলতে পারে না যে, তোমাদের আত্মরক্ষার কোনো অধিকার নেই। আমরা নিজেদের রক্ষা করছি— যে মূল্যই লাগুক না কেন। আমাদের জনগণকে রক্ষা ও সুরক্ষিত করতে আমরা নিজেদের জন্য কোনো সীমা দেখি না।”
তিনি আরো বলেন, “যুক্তরাষ্ট্র যা করছে, তা আগ্রাসন। আর আমরা যা করছি, তা আত্মরক্ষা। এ দুটির মধ্যে বিশাল পার্থক্য রয়েছে।”
আগারচির এই বক্তব্য থেকে স্পষ্ট, ইরানের বর্তমান সরকার শক্তির শেষবিন্দু দিয়ে লড়াই করতে চায়। অন্যদিকে ট্রাম্প ও নেতানিয়াহুও ইরানের বর্তমান শাসন ব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার হুংকার দিচ্ছে। উভয় পক্ষ এখনো পর্যন্ত যুদ্ধে অনড়। ফলে শেষ পরিণতি কী হবে, তা দেখতে অপেক্ষা করার বিকল্প নেই।
ইরান ‘জাতীয় স্বার্থের জন্য হুমকি’- শুধু এই অভিযোগ তুলে শনিবার (১ মার্চ) সকালে দেশটিতে হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। একটি দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে মধ্যযুগীয় ‘জোর যার মুল্লুক তার’ নীতিতে এই হামলায় শনিবার সকালে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। তার মৃত্যুতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে ইরান সরকার। আগামী দুই-এক দিনের মধ্যে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করা হবে বলে জানিয়েছে দেশটি।
ঢাকা/রাসেল