হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকারে ইরানের হামলা
হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট একটি তেলবাহী ট্যাংকারে হামলার কথা জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার প্রতিশোধ হিসেবে চালানো ধারাবাহিক হামলার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তারা দাবি করেছে। খবর আল-জাজিরার।
আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, “মার্কিন মিত্রদের অন্যতম একটি ট্যাংকার ‘অ্যাথি নোভা’ দুটি ড্রোনের আঘাতে বিধ্বস্ত হওয়ার পর হরমুজ প্রণালীতে এখনও জ্বলছে।”
গত শনিবার, ইরানের এই অভিজাত আধাসামরিক বাহিনীটি জানিয়েছিল যে, তারা এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথটি বন্ধ করে দিয়েছে।
উল্লেখ্য, বিশ্বব্যাপী তেল ও গ্যাস সরবরাহের জন্য এই পথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আক্রমণ শুরু হওয়ার পর তারা এই সিদ্ধান্ত নেয়।
বিশ্বের মোট ব্যবসা হওয়া তেলের প্রায় এক-পঞ্চমাংশ এবং কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে রপ্তানি হওয়া বিপুল পরিমাণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই হরমুজ প্রণালী দিয়েই পরিবাহিত হয়। বিশ্বের প্রতিদিনের তেল ব্যবহারের প্রায় ২০ শতাংশ- অর্থাৎ প্রায় ২০ মিলিয়ন ব্যারেল তেল এই পথ দিয়ে যাতায়াত করে।
এই প্রণালীতে উত্তেজনা বৃদ্ধির ঘটনায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
ঢাকা/ফিরোজ