ইরান সংকটে ‘ঠান্ডা মাথায়’ পদক্ষেপ নেবেন স্টারমার
ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্য পরিস্থিতি সম্পর্কে বুধবার পার্লামেন্টকে অবহিত করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার।
ইরান সংকট ছড়িয়ে পড়ার আশঙ্কার মধ্যে যুক্তরাজ্যকে ‘ঠান্ডা মাথায়’ পদক্ষেপ নিতে হবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার।
বুধবার (৪ মার্চ) পার্লামেন্টে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “আমাদের স্পষ্টতা, লক্ষ্য ঠিক রেখে ঠান্ডা মাথায় পদক্ষেপ নিতে হবে।”
স্টারমার পার্লামেন্টকে জানান, অঞ্চলটিতে (মধ্যপ্রাচ্যে) সামরিক উপস্থিতি বাড়ানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে যুক্তরাজ্য। এর মধ্যে রয়েছে আকাশ প্রতিরক্ষা ও ড্রোন প্রতিরোধ ব্যবস্থা, পাশাপাশি এফ-৩৫ যুদ্ধবিমান মোতায়েনের প্রস্তুতি।
তিনি বলেন, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ইরানে হামলায় শরিক হিসেবে যুক্তরাজ্যকে না পেয়ে বেজায় ক্ষেপেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (৩ মার্চ) হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে কিয়ার স্টারমারকে তিরস্কার করেন তিনি। তারপর দিন বুধবার ইরান হামলা ও মধ্যপ্রাচ্যের যুদ্ধপরিস্থিতি সম্পর্কে যুক্তরাজ্যের অবস্থান কী, সেটি পার্লামেন্টকে জানালেন স্টারমার।
সূত্র: আলজাজিরা।
ঢাকা/রাসেল