ঢাকা     রোববার   ০৫ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২২ ১৪৩২ || ১৬ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

‘নরক নামবে আপনার ওপরই’, ট্রাম্পকে পাল্টা হুঁশিয়ারি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৯, ৫ এপ্রিল ২০২৬   আপডেট: ০৯:৩১, ৫ এপ্রিল ২০২৬
‘নরক নামবে আপনার ওপরই’, ট্রাম্পকে পাল্টা হুঁশিয়ারি ইরানের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া ৪৮ ঘণ্টার আল্টিমেটামের জবাবে ইরান পাল্টা কঠোর হুঁশিয়ারি দিয়েছে। খবর ওয়ানা নিউজের। 

শনিবার (৪ এপ্রিল) ট্রাম্প তার নিজস্ব প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এর মাধ্যমে ইরানকে চূড়ান্ত ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন। এর জবাবে ইরানের ভাইস প্রেসিডেন্ট ও ‘স্ট্র্যাটেজিক এনার্জি অপ্টিমাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অর্গানাইজেশন’-এর প্রধান ইসমাইল সাঘাব ইসফাহানি পাল্টা সতর্কবার্তা দিয়েছেন।

আরো পড়ুন:

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানকে একটি ‘চুক্তি’ করার জন্য বা হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য আগে দেওয়া ১০ দিনের সময়সীমার কথা উল্লেখ করে বলেন, “মনে আছে আমি ইরানকে একটি চুক্তি করার জন্য অথবা হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ১০ দিন সময় দিয়েছিলাম? সময় শেষ হয়ে আসছে- আর মাত্র ৪৮ ঘণ্টা, এরপরই তাদের ওপর নরক নেমে আসবে। ঈশ্বর ধন্য!”

এই হুমকির প্রতিক্রিয়ায় ইরানের ভাইস প্রেসিডেন্ট ইসফাহানি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ যেকোনো সামরিক পদক্ষেপের ভয়াবহ বৈশ্বিক পরিণতি সম্পর্কে সতর্ক করেছেন। 

তিনি সরাসরি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, “আমি মানছি যে এক নরক নেমে আসছে, কিন্তু তা আপনার ও আপনার মিত্রদের জন্য! এখন থেকেই এর ফলাফল দেখুন এবং আগে থেকেই ক্ষতির পরিমাণ হিসাব করুন:

* ১৫০ ডলার তেলের দাম
* এই অঞ্চলে আপনার সমর্থকদের জন্য বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ
* আমেরিকায় আর্থিক ধাক্কা
* নজিরবিহীন বৈশ্বিক মুদ্রাস্ফীতি

আমরাও জানি কীভাবে আগুন জ্বালাতে হয়। আপনি কি জানেন কীভাবে তা নেভাতে হয়?”

তিনি তার পোস্টের শেষে ট্রাম্পকে ‘পরাজিত জুয়াড়ি’ হিসেবেও অ্যাখ্যা দেন।

এই ৪৮ ঘণ্টার কাউন্টডাউন মূলত ট্রাম্পের সেই আগের হুমকির দশ দিনের বর্ধিত সময়সীমা, যেখানে তিনি ইরানের জ্বালানি ও কৌশলগত অবকাঠামোতে আঘাত হানার কথা বলেছিলেন।

আর মাত্র দুই দিন সময় বাকি থাকায় আন্তর্জাতিক সম্প্রদায় এখন চরম উদ্বেগের মধ্য দিয়ে সময় পার করছে। কূটনৈতিক উপায়ে এই সমস্যার সমাধান না হলে বিশ্ব একটি দীর্ঘস্থায়ী অর্থনৈতিক ও সামরিক সংকটে নিমজ্জিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঢাকা/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়