মিরপুরে কুকুর নিধন, প্রাণীপ্রেমীদের হত্যার হুমকি
কয়েকটি কুকুর হত্যা করে ফেলে রাখা হয়েছে
যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ গ্রুপে সংঘবদ্ধ হয়ে মিরপুর বিজয় রাকিন সিটিতে ঘোষণা দিয়ে কুকুর নিধন করছে একটি পক্ষ। এসব কুকুর রক্ষা করতে চাওয়ায় এবং পশুদের নিয়মিত খাদ্য দেওয়ায় প্রাণীপ্রেমীদের হত্যার হুমকির অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে।
গত কিছুদিন ধরে রাতের বেলা মিরপুর রাকিন সিটির বাসিন্দা রেজাউর রহমানের নেতৃত্বে আবুল কাশেম, তাজুল ইসলাম, মাহমুদ হাসান, মাহমুদ এ খোদা, শহীদ হোসেন এই কুকুর নিধন কার্যক্রম চালিয়ে আসছেন বলে তাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন রাকিন সিটির বাসিন্দা ও প্রাণী সুরক্ষা নিয়ে কাজ করা সংগঠন ‘অ্যানিম্যাল প্লানেট বাংলাদেশ’।
সর্বশেষ শুক্রবার রাতেও কুকুর নিধনে মহড়া চালানোর একটি ভিডিও পাওয়া গেছে। এ ছাড়াও এই সংঘবদ্ধ গোষ্ঠীর হোয়াটসঅ্যাপ গ্রুপের কথোপকথন ও কুকুর হত্যার একাধিক ভিডিও’র সন্ধান পাওয়া গেছে।
কুকুর নিধনের বিষয়ে কাফরুল থানায় অভিযোগ করতে গেলে অভিযোগ নেওয়া হয়নি বলে দাবি করেছেন মিরপুর বিজয় রাকিন সিটির বাসিন্দা স্বপ্ন চৌধুরী। পরে সিটির বাসিন্দা ও প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী পুলিশপ্রধান বেনজির আহমেদের কাছে এ বিষয়ে অভিযোগ দিয়েছেন।
প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী গণমাধ্যমকে বলেন, করোনার সময় সবকিছু যখন বন্ধ হয়ে যায়, তখন কুকুরগুলো খাবারের অভাবে চিৎকার করতো। তখন আমি ও আমার স্ত্রী এদের জন্যে খাবারের ব্যবস্থা করি। কুকুরগুলোকে ভ্যাক্সিনেশনও দেওয়া হয়েছে। বাইরে থেকে আসা একটি কুকুর ৪ জুলাই এখানকার স্থানীয় এক বাচ্চাকে আক্রমণ করেছে অভিযোগ তুলে কয়েকজন মিলে রাতে এটাকে মেরেছে। ঠেকাতে গেলে আমার ছেলেকে হুমকিও দিয়েছে।
তিনি বলেন, ঘটনা ঘটে ৪ জুলাই রাত সাড়ে নয়টা থেকে দশটার মধ্যে। দারোয়ানকে দিয়ে আমাকে খবর দেওয়া হয় যে, একটা কুকুর এক বাচ্চাকে কামড়েছে। আমি ঢাকা সিটি কর্পোরেশনের অনুমোদিত ভলান্টিয়ার এনে প্রাণিকল্যাণ আইন ২০১৯ অনুযায়ী কুকুরটাকে ধরার চেষ্টা চালাই। চার ঘণ্টা টানা চেষ্টার পরও ধরা যায়নি। এরপর থেকে তারা কুকুর নিধন শুরু করে এবং আমাকেসহ এলাকার প্রাণীপ্রেমী মানুষদের বাসার সামনে গিয়ে হত্যার হুমকি দেয়। এলাকায় এখনও মানুষের মনে আতঙ্ক বিরাজ করছে। ভয়ে বাসা থেকে খুব বেশি কেউ নিচে নামছে না।
এসব ঘটনায় অভিযোগ উঠা রেজাউর রহমানের বক্তব্য নিতে তাকে মুঠোফোনে কল করা হলে তিনি- ‘আপনাকে চিনি না, আপনার সাথে কথা বলবো না’ বলে লাইন কেটে দেন। এরপর আরও কয়েকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি।
এ ব্যাপারে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভেটেনারি কর্মকর্তা খোকন হোসেন বলেন, প্রাণীহত্যা দণ্ডনীয় অপরাধ। এরকম বিষয়ে কেউ লিখিত অভিযোগ দিলে; ঘটনার সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে সিটি করপোরেশন যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
এ ব্যাপারে অভিযোগ না নেওয়া প্রসঙ্গে কাফরুল থানার ডিউটি অফিসার সাদ্দাম হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ সম্পর্কিত কোন বিষয় তার জানা নেই।
মেয়া/এনএইচ