ঢাকা     মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাতিসংঘের তত্ত্বাবধানে ঢাকায় মানবাধিকার সেল খুলছে সরকার

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:০৪, ১ ফেব্রুয়ারি ২০২২  
জাতিসংঘের তত্ত্বাবধানে ঢাকায় মানবাধিকার সেল খুলছে সরকার

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, র‍্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে জাতিসংঘের তত্ত্বাবধানে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি মানবাধিকার সেল গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। 

সোমবার (৩১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।

মাসুদ বিন মোমেন বলেন, ‘মানবাধিকার পরিস্থিতি নিয়ে সত্য তথ্য তুলে ধরার চেষ্টা করছি আমরা। যুক্তরাষ্ট্রের মন্ত্রীদের সঙ্গে সরাসরি বৈঠকের চেষ্টা চালানো হচ্ছে। সেখানকার মিশনও এটা নিয়ে কাজ করছে।’

তিনি আরও বলেন, ‘র‍্যাবের নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর আলাপ হয়েছে। তিনি (ড. এ কে আব্দুল মোমেন) যুক্তরাষ্ট্রের সিনেটরদের এ বিষয়ে চিঠিও দিয়েছেন। আমাদের দূতাবাসের মাধ্যমে বিভিন্ন স্তরে যোগাযোগ রক্ষা করছি।’

সচিব বলেন, ‘আমাদের মন্ত্রণালয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে মানবাধিকার সেল গঠনের চিন্তা করছি। যাতে এ বিষয়গুলো আমরা আরও গুরুত্ব সহকারে বিবেচনা করতে পারি।’

মাসুদ বিন মোমেন বলেন, ‘অনেক ক্ষেত্রেই দেখা গেছে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি যেভাবে উপস্থাপন করা হয়েছে প্রকৃত ক্ষেত্রে ঘটনা তেমন নয়। এ ক্ষেত্রে সবাইকে প্রকৃত সত্য জানার চেষ্টা করতে বলেছি। যারা মানবাধিকার নিয়ে কাজ করেন, তাদেরও জানাচ্ছি। মানবাধিকার ইস্যুতে আমাদের যেসব প্রাপ্তি আছে সেগুলোও তাদের জানানো হচ্ছে। এক্ষেত্রে লবিস্ট ফার্ম নিয়োগ করতে হলে সেটাও করব।’

উল্লেখ্য, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে গত বছরের ১০ ডিসেম্বর র‍্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পৃথকভাবে এ নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট (রাজস্ব বিভাগ) ও পররাষ্ট্র দপ্তর।

হাসান/কেআই

সর্বশেষ

পাঠকপ্রিয়