ঢাকা     শনিবার   ০৪ এপ্রিল ২০২৬ ||  চৈত্র ২১ ১৪৩২ || ১৫ শাওয়াল ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ভোটের মাঠ সরাসরি পর্যবেক্ষণ করবে তিন বাহিনীর ড্রোন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৮, ৯ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১২:০৪, ৯ ফেব্রুয়ারি ২০২৬
ভোটের মাঠ সরাসরি পর্যবেক্ষণ করবে তিন বাহিনীর ড্রোন

ফাইল ফটো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বিকভাবে পর্যবেক্ষণে বিমান বাহিনীসহ তিন বাহিনীর ড্রোন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ড্রোনের মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

এ লক্ষ্যে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং র‍্যাবের মহাপরিচালকের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন।

আরো পড়ুন:

ইসির সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলামের স্বাক্ষরিত চিঠিগুলোতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে বিভিন্ন বাহিনী ও সংস্থার মাধ্যমে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু ও কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে।

চিঠিতে আরো উল্লেখ করা হয়, নির্বাচনকালীন সময়ে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এমন পরিস্থিতিতে স্বল্প সময়ে মাঠপর্যায়ের বাস্তব অবস্থা নির্ণয়, সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণে ড্রোনের মাধ্যমে নজরদারি অত্যন্ত সহায়ক হবে।

এ প্রেক্ষিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংশ্লিষ্ট কার্যক্রম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে বিমান বাহিনী, র‍্যাব ও বিজিবি কর্তৃক ড্রোন মোতায়েন করে ড্রোনের লাইভ ফিড নির্বাচন কমিশন সচিবালয়ের আইনশৃঙ্খলা সমন্বয় সেলে সরবরাহের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া বিমান বাহিনীর ড্রোন থেকে প্রাপ্ত লাইভ ফিড নির্বাচন কমিশনের পাশাপাশি প্রধান উপদেষ্টার কার্যালয়েও প্রদান করতে হবে বলে বিমান বাহিনীর কাছে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

ঢাকা/এমএসবি/ফিরোজ

সর্বশেষ

পাঠকপ্রিয়