ঢাকা     বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন হচ্ছে: সিইসি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১২, ১২ ফেব্রুয়ারি ২০২৬   আপডেট: ১০:৫৮, ১২ ফেব্রুয়ারি ২০২৬
সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচন হচ্ছে: সিইসি

বৃহস্পতিবার সকালে ঢাকার ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।

ঢাকাসহ সারা দেশে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ঢাকার ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেওয়া শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

সিইসি বলেন, “ভোটকে ঘিরে মানুষের মাঝে ঈদের মতো উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আমরা বলেছিলাম উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে, আজ তা প্রতিফলিত হচ্ছে।” 

তিনি জানান, সারা দেশে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে। দুই-একটি কেন্দ্র ছাড়া কোথাও বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। 

“বাংলাদেশ আজ গণতন্ত্রের ট্রেনে উঠলো, সে ট্রেন গন্তব্যে পৌঁছাবে,”—মন্তব্য করেন সিইসি।

এবারের নির্বাচনকে ২০২৬ সালের সবচেয়ে বড় আয়োজন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “বিভিন্ন দেশের নির্বাচন কমিশনের প্রধানদের সঙ্গে এ নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।” 

নির্বাচন পরিচালনায় সারাদেশে প্রায় ১৭ লাখ মানুষ বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করছেন এবং তাদের সবাইকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা প্রসঙ্গে সিইসি বলেন, “আমরা কারও পক্ষে নই, কারও বিপক্ষেও নই। আমরা সুষ্ঠু নির্বাচন দিচ্ছি। কেন্দ্র দখল, ব্যালট বাক্স দখল—এসব ভুলে যান।”

তিনি জানান, ব্যক্তিগত উদ্যোগে তিনি বিভিন্ন জেলার রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন এবং কঠোরভাবে নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশনা দিয়েছেন। “আমি তাদের বলেছি, আপনি শুধু নিরপেক্ষ হলেই হবে না, আপনার অধীনে যারা কাজ করবে তাদেরও নিরপেক্ষ হতে হবে।” বলেন তিনি

সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে অপতথ্য ছড়ানো রোধে কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার।

ঢাকা/এমএসবি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়