ঢাকা     মঙ্গলবার   ১৭ মার্চ ২০২৬ ||  চৈত্র ৪ ১৪৩২ || ২৭ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঈদযাত্রায় ভোগান্তি কোনোভাবেই কাম্য নয়: সেতু সচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৮, ১৭ মার্চ ২০২৬   আপডেট: ১৭:১০, ১৭ মার্চ ২০২৬
ঈদযাত্রায় ভোগান্তি কোনোভাবেই কাম্য নয়: সেতু সচিব

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প এলাকায় পরিদর্শন করেছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

এ সময় তিনি সংশ্লিষ্টদের সতর্ক করে বলেন, “ঈদে ঘরমুখো মানুষের যাতায়াতে কোনো ধরনের ভোগান্তি সহ্য করা হবে না।”

আরো পড়ুন:

মঙ্গলবার (১৭ মার্চ) প্রকল্প এলাকা ঘুরে নির্মাণকাজের অগ্রগতি ও সড়ক পরিস্থিতি পর্যালোচনা করেন তিনি।

যানজট কমানো, সড়ক সচল রাখা এবং নির্মাণকাজের কারণে যাতে জনদুর্ভোগ না বাড়ে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রকৌশলীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।

সেতু সচিব বলেন, “সরকার দেশের যোগাযোগ ব্যবস্থা আধুনিক ও সহজ করতে ধারাবাহিকভাবে কাজ করছে। ঈদযাত্রাকে নির্বিঘ্ন রাখতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি তদারকি করছে।”

তিনি নির্দেশনা দেন, “ঢাকা-আশুলিয়া সড়কে কোনোভাবেই যান চলাচল ব্যাহত করা যাবে না।”
 বিশেষ করে যেসব অংশে সংস্কার প্রয়োজন, তা দ্রুত শেষ করতে হবে, যাতে উত্তরবঙ্গগামী যানবাহন স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারে।

পরিদর্শনের সময় তিনি পাইলিং, গার্ডার স্থাপনসহ প্রকল্পের বিভিন্ন কাজ সরেজমিনে দেখেন এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। কাজের গতি বাড়ানোর ওপর জোর দিয়ে তিনি বলেন, “চলমান নির্মাণকাজ যেন মানুষের দুর্ভোগের কারণ না হয়, তা নিশ্চিত করতে হবে।”

সেতু সচিব আরো বলেন, “ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে একটি অগ্রাধিকারভিত্তিক মেগা প্রকল্প। এটি বাস্তবায়িত হলে ঢাকার সঙ্গে উত্তর ও পশ্চিমাঞ্চলের যোগাযোগে গতি আসবে এবং সাভার-আশুলিয়া অঞ্চলের দীর্ঘদিনের যানজট সমস্যা অনেকাংশে কমবে।”

তিনি জানান, নির্মাণকাজ চললেও বিকল্প সড়ক ও নিচের বিদ্যমান সড়ক সচল রাখতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হবে।

পরিদর্শনকালে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকল্প পরিচালক, পরামর্শক এবং সংশ্লিষ্ট প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

ঢাকা/এএএম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়