বিআরটিএ চেয়ারম্যানের মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
বিআরটিএ চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করে যাত্রীদের সঙ্গে কথা বলেন।
সাধারণ মানুষের ঈদযাত্রা আরো স্বস্তিদায়ক করতে বাসগুলোকে দ্রুত টার্মিনাল ছাড়া নির্দেশ দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) মীর আহমেদ তারিকুল ওমর।
বৃহস্পতিবার (১৯ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের ছুটির তৃতীয় দিন সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করে তিনি এ নির্দেশ দিয়েছেন।
এ সময় মহাখালী বাস টার্মিনালে ভিজিলেন্স টিমের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট অসমীয়া জায়গীরদারসহ বিআরটিএ’র অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে মীর আহমেদ তারিকুল ওমর বলেন, ‘‘টার্মিনালে অহেতুক কোনো বাস যেন দাঁড়িয়ে না থেকে। বাসে যাত্রী পরিপূর্ণ হওয়া সঙ্গে সঙ্গে দ্রুত টার্মিনাল ত্যাগ করতে হবে। টার্মিনাল কর্তৃপক্ষ বিষয়টি বিশেষ নজর রাখবে।’’
তিনি আরো বলেন, ‘‘কাউন্টারের সামনে অনেক বাস দাঁড়িয়ে থাকতে দেখেছি। কী কারণে এখনো বাসগুলো দাঁড়িয়ে আছে তা খোঁজ নিন এবং দ্রুত টার্মিনাল ছাড়ার ব্যবস্থা নিন। কোনো অবস্থাতেই যেন যাত্রীদের ভোগান্তির পোহাতে না হয়, এ বিষয়টা বিশেষ নজরে রাখবেন।’’
টার্মিনাল পরিদর্শনকালে কোনো অসঙ্গতি চোখে পড়েছে কি-না জানতে চাইলে তিনি রাইজিংবিডি ডটকমকে বলেন, ‘‘বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা বাসগুলো নির্ধারিত সময়ের মধ্যে টার্মিনালে ফিরে না আসায় যাত্রীদের চাপ বেড়েছে। টার্মিনাল কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছি, অহেতুক কোনো বাস যেন দাঁড়িয়ে না থাকে। একইসঙ্গে টিকিট যেন দ্রুত বিক্রি করে। এবারের ঈদযাত্রায় যেন যাত্রীদের ভোগান্তি না হয়, সে বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।’’
এ সময় তিনি টার্মিনাল হতে গাড়ি ছাড়ার পূর্বে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর মাইকের মাধ্যমে প্রচার করা, কাউন্টার হতে যেন অতিরিক্ত ভাড়া আদায় করা না হয়, চালকরা যেন নিরাপদে গাড়ি চালান ইত্যাদি বিষয়েও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
টার্মিনাল পরিদর্শনকালে বিআরটিএ চেয়ারম্যান বিভিন্ন বাস কাউন্টার ঘুরে দেখেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলেন।
পবিত্র ঈদুল ফিতরের টানা সাত দিনের ছুটি শুরু হয়েছে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে। চাঁদ দেখা সাপেক্ষে ঈদ উদযাপন করা হবে আগামী শুক্রবার (২০ মার্চ) অথবা শনিবার (২১ মার্চ)। ছুটির তৃতীয় দিন বৃহস্পতিবার (১৯ মার্চ) নাড়ির টানে মানুষ রাজধানী ছাড়ছে।
সকাল থেকে বাস টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড় ছিল। বুধবার (১৮ মার্চ) রাতের ঝড়োবৃষ্টির কারণে ঢাকায় টার্মিনালে গাড়ির স্বল্পতা দেখা দিয়েছে। ফলে নির্ধারিত সময়ে বাস ছাড়তে না পারায় যাত্রীদের ভিড় বেড়েছে। এতে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। আর কাউন্টারের সামনে যাত্রীদের বসে টিকিট কাটার জন্য লাইন দীর্ঘ হয়েছে।
ঢাকা/এনটি/বকুল