ঢাকা     বৃহস্পতিবার   ১৯ মার্চ ২০২৬ ||  চৈত্র ৬ ১৪৩২ || ২৯ রমজান ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ঝুঁকি নিয়ে পিকআপে বাড়ি ফিরছে যাত্রীরা 

মানিকগঞ্জ প্রতিনিধি   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪২, ১৯ মার্চ ২০২৬  
ঝুঁকি নিয়ে পিকআপে বাড়ি ফিরছে যাত্রীরা 

ঝুঁকি নিয়ে পিকআপে বাড়ি ফিরছে মানুষ।

সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ঈদের ছুটি চলছে। ছুটি শুরুর তৃতীয় দিন বৃহস্পতিবারও (১৯ মার্চ) রাজধানী ঢাকার আশপাশের কর্মজীবীরা পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে বাড়ি ছুটছেন। ফলে ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীর ভিড় আছে। অনেক যাত্রী বাস না পেয়ে ঝুঁকি নিয়ে খোলা পিকআপে গন্তব্যে যাচ্ছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ক এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। 

আরো পড়ুন:

চাঁদ দেখা সাপেক্ষে আগামী শুক্রবার (২০ মার্চ) বা শনিবার (২১ মার্চ) দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। এ জন্য গত মঙ্গলবার (১৭ মার্চ) থেকে টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হয়েছে।

যশোরগামী যাত্রী রোকেয়া বেগম বলেন, ‘‘সাভার থেকে পিকআপে করে পাটুরিয়া যাচ্ছি। সাভার রেডিও কলোনি স্ট্যান্ডে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম। বাস থাকলেও সিট পাইনি। এত দূরের পথ, মহিলা মানুষ; দাঁড়িয়ে যাওয়া কষ্টসাধ্য। তাই পিকআপে করে পাটুরিয়া যাচ্ছি। নদীপার হয়ে বাসে করে যশোর যাব।’’

ফরিদ মিয়া নামের এক যাত্রী বলেন, ‘‘ঢাকা-আরিচা মহাসড়কের বাসগুলো গাবতলী থেকে যাত্রী ভর্তি হয়ে আসে। ফলে মাঝামাঝি স্ট্যান্ডের যাত্রীদের দাঁড়িয়ে যাওয়ার জায়গাও থাকছে না। তাই পিকআপে করে নবীনগর থেকে আরিচা যাচ্ছি। ভাড়া একটু বেশি হলেও বাসের চেয়ে আরামদায়ক।’’

লুৎফর রহমান নামের এক যাত্রী বলেন, ‘‘আমরা নয়জন সহকর্মী একই কারখানায় কাজ করি। বুধবার (১৮ মার্চ) কারখানা ছুটি হলেও আজ (বৃহস্পতিবার) সবাই মিলে একসঙ্গে পিকআপে করে পাটুরিয়ার উদেশে রওনা দিয়েছি। একেকজনের বাড়ি একেক জেলায়। পাটুরিয়া পর্যন্ত পিকআপে একসঙ্গে যাব। তারপর নৌরুট পার হয়ে আলাদাভাবে বাসে যাব।’’  

বরংগাইল হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ বলেন, ঢাকা-আরিচা মহাসড়কে ঝুঁকি নিয়ে পিকআপে যাত্রী পরিবহন নিষিদ্ধ। এ থানার ২৬ জন পুলিশ সদস্য তিন শিফটে মহাসড়কে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনটি টহল টিম ও মোটরসাইকেল টিম টহল দিচ্ছেন। যেসকল পিকআপ নিয়ম মানছে না, সেগুলোর বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়া হচ্ছে।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কউসিক আহমেদ জানান, ঢাকা-আরিচা মহাসড়কের গোলড়া হাইওয়ে থানার আওতাভুক্ত মহাসড়কে টহল টিম জোরদার করা হয়েছে। কালামপুর ও নয়াডিঙ্গি বাসস্ট্যান্ড এলাকায় ফিক্সড টহল টিম দায়িত্ব পালন করছে। একটি মোবাইল টিম পালাক্রমে থানা এলাকায় টহল দিচ্ছে। কোথাও কোনো অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঢাকা/চন্দন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়