‘বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়া জনসংযোগের কাজ কল্পনাও করা যায় না’
সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, “বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্ম ছাড়া জনসংযোগের কাজ কল্পনাও করা যায় না। তথ্য ক্যাডারে এখন তিন শতাধিক কর্মকর্তা রয়েছেন। তাদের আধুনিক প্রযুক্তি সম্পর্কে ধারণা রাখতে হবে। আধুনিক জনসংযোগে দক্ষ জনবল তৈরি করতে হবে। কারণ, আমরা সবাই এখন পারসেপশন ম্যানেজমেন্টের লড়াইয়ে আছি।”
রবিবার (২৪ মে) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ‘নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও কর্মপরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিভিন্ন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জহির উদ্দিন স্বপনবলেন, ‘পাবলিক সাইকোগ্রাফি’ কীভাবে কাজ করে তা বোঝা জরুরি। সবাই মিলে একসঙ্গে কাজ করলে সমাজ ও রাষ্ট্র গঠনে জনসংযোগকারীরা বড় ভূমিকা রাখতে পারবেন।”
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, “এই সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইনটেলিজেন্সের সঠিক ব্যবহার খুবই জরুরি। ভুল তথ্য ও অপতথ্য যাচাই বা ফ্যাক্ট চেকের কাজে এআইকে কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব।”
জনসংযোগ কর্মকর্তাদের দায়িত্ব মনে করিয়ে দিয়ে প্রতিমন্ত্রী বলেন, “নির্বাচনের আগে বিএনপি একটি ইশতেহার দিয়েছিল। সেটির সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। সরকারের ইতিবাচক কাজগুলো মানুষের কাছে তুলে ধরাই জনসংযোগ কর্মকর্তাদের প্রধান কাজ। সে জন্য সরকারের ইশতেহার সম্পর্কে তাদের পুরোপুরি ওয়াকিবহাল থাকতে হবে।”
জনগণের কাছে সঠিক তথ্য সময়মতো পৌঁছে দিতে জনসংযোগ কর্মকর্তাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
ঢাকা/এএএম/মাসুদ
জঙ্গল সলিমপুরে র্যাবের ক্যাম্পে সন্ত্রাসীদের গুলি, যৌথ বাহিনীর অভিযান