ঢাকা     সোমবার   ১৫ জুন ২০২৬ ||  আষাঢ় ১ ১৪৩৩ || ৩০ জিলহজ ১৪৪৭ হিজরি

Risingbd Online Bangla News Portal

ডাকসু বিজয়ী‌দের অভিনন্দন

জামায়াত আমী‌রের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বি‌শেষ প্রতি‌বেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫০, ১০ সেপ্টেম্বর ২০২৫  
জামায়াত আমী‌রের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে দেখা ক‌রে‌ছেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।

বুধবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর বসুন্ধরায় তার কার্যালয়ে উভ‌য়ের ম‌ধ্যে এই সৌজন‌্য সাক্ষাত হয়। প‌রে তারা আন্ত‌রিক প‌রি‌বে‌শে আসন্ন নির্বাচনসহ দ্বিপক্ষীয় বিষয় নি‌য়ে মত‌বি‌নিময় ক‌রেন।

বি‌শেষ ক‌রে তারা বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি, গণতন্ত্র প্রতিষ্ঠা, আগামী নির্বাচন, মানবাধিকার, বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা, রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা করেন। একইসঙ্গে তারা গ্রেট ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো উন্নত ও সুদৃঢ় করার ব্যাপারে আলোচনা করেন।

এ সময় সারাহ কুক জামায়াত আ‌মীরের স্বাস্থ্যের খোঁজ নেন এবং তার পরিপূর্ণ সুস্থতা কামনা করেন। তার সঙ্গে ছিলেন হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি কেট ওয়ার্ড।

জামায়া‌তের প‌ক্ষে নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এবং আমীরে জামায়াতের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান সভায় উপস্থিত ছিলেন।

‘ডাকসু’ বিজয়ীদের অভিনন্দন আমীরের
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ‘ডাকসু’ ও হল সংসদ নির্বাচনে বিজয়ীদের ও নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

বুধবার এক বিবৃতি‌তে তি‌নি ব‌লে‌ছেন,  “৯ সেপ্টেম্বর দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রসমাজ উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে এ নির্বাচনে অংশগ্রহণ করে। নির্বাচনের প্রার্থীগণ ভোটে অংশগ্রহণ করে নির্বাচনকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করেন। এই নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন, আমি তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তারা তাদের দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন বলে আমি আশা করি।’’ 

তিনি আরো বলেন, ‘‘জাতির এই গুরুত্বপূর্ণ সময়ে সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন পরিচালনা করায় আমি অন্তর্বর্তী সরকার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাংবাদিকসহ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি ডাকসুর ইলেকশনে দায়িত্বপালনরত অবস্থায় চ্যানেল এস-এর সাংবাদিক তরিকুল ইসলাম শিবলী ইন্তেকাল করায় আমি তার রূহের মাগফিরাত কামনা করছি এবং তার পরিবার-পরিজনদের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করছি।”

ঢাকা/নঈমুদ্দীন/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়