তেলাপোকা বিলুপ্ত হলে পৃথিবীর যে ক্ষতি হবে
সিয়াম সারোয়ার জামিল || রাইজিংবিডি.কম
সিয়াম সারোয়ার জামিল : তেলাপোকা খুবই বিরক্তিকর প্রাণী। অনেকেই এটা দেখে ভয় পায়। আবার অনেকেই ঘৃণার চোখে দেখে তেলাপোকাকে।
তাই হয়তো এই হিতৈষী প্রাণীকে ধ্বংস করতে ঘরের কোণায় কোণায় ছুটাছুটি করে মানুষ। কিন্তু আমাদের অস্তিত্বের জন্য তেলাপোকার ভূমিকাও আছে, এটা কখনো ভেবেছেন?
টেক্সাস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্রিনি কামভাপটিয়া জানান, পৃথিবীতে অনেক প্রাণীই আছে যারা তেলাপোকা শিকার করে বেঁচে থাকে। যেমন- ইদুর। আবার পৃথিবীর কিছু অঞ্চলের মানুষও তেলাপোকা খায়। তেলাপোকা বিলুপ্ত হয়ে গেলে, মানুষ ও ইঁদুর বিলীন হয়ে যাবে-এমন নয়। তবু তেলাপোকা না থাকার প্রভাব পড়বে পৃথিবীতে। নির্দিষ্ট কিছু প্রাণী আছে যেমন- এক ধরনের বোলতা বেঁচে থাকার জন্য পুরোপুরিভাবে তেলাপোকার ওপর নির্ভর করে। তাই তেলাপোকা না থাকলে এই ধরনের বোলতা পুরোপুরি বিলুপ্ত হয়ে যাবে।
এই জীববিজ্ঞানী আরো জানান, তেলাপোকা বিলীন হলে তেলাপোকা ভক্ষণকারী পাখি ও প্রাণী, যেমন- বিড়াল, নেকড়ে, নির্দিষ্ট সরীসৃপ, ঈগল ও পাখিদের বিভিন্ন প্রজাতি ইত্যাদির ওপর প্রভাব পড়বে।
তিনি জানিয়েছেন, তেলাপোকা উষ্ণ ও গ্রীষ্ম মণ্ডলীয় আবহাওয়ায় বাস করে। ৩০০ মিলিয়ন বছর আগের তেলাপোকার জীবাশ্ম পাওয়া গেছে।
বিজ্ঞানীরা বলছেন, তেজস্ক্রিয়তার মধ্যেও তেলাপোকা বেঁচে থাকতে পারে যা মানুষের পক্ষে সম্ভব নয় এবং এরা এক মাস পর্যন্ত না খেয়েও বাঁচতে পারে। এদের সহ্য ক্ষমতাও অত্যাধিক।
ওই বিজ্ঞানীর মতে, বেশিরভাগ তেলাপোকা ক্ষয়িষ্ণু জৈব পদার্থ আহার করে থাকে, যা বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে বন্দি করে। জঙ্গলে তেলাপোকা ক্ষয়িষ্ণু পাতা ও কাঠ ভক্ষণ করে। যখন তেলাপোকা মলত্যাগ করে তখন মাটির সঙ্গে নাইট্রোজেন মিশে যায়। গাছের বৃদ্ধির জন্য নাইট্রোজেন অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান এবং তাই অরণ্যের জন্যও অত্যাবশ্যকীয়। অরণ্য আমাদের টিকে থাকার জন্য কতটা গুরুত্বপূর্ণ তা বলাই বাহুল্য।
শ্রিনি বলেন, পৃথিবীতে প্রায় ১০ হাজার প্রজাতির তেলাপোকা আছে। এদের মধ্যে কিছু প্রজাতি আছে যারা আসলেই বেশ আকর্ষণীয়। কিছু আছে যা জোনাকির মতোই অন্ধকারে আলো বিকিরণও করতে পারে।
রাইজিংবিডি/ঢাকা/১৩ নভেম্বর ২০১৬/ইভা/এসএন
রাইজিংবিডি.কম