রোনালদো বনাম মেসি, ২০২১ সবচেয়ে ভালো কেটেছে কার?
সময়ের অন্যতম সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। দুই সুপারস্টারের মধ্যে ২০২১ কার স্মরণীয় কেটেছে?
২০২১ সালেই মেসি বার্সেলোনার সম্পর্ক ছিন্ন হয়েছে। এই মৌসুমে ফ্রি ট্রান্সফারে ন্যু ক্যাম্প ছেড়ে যোগ দিয়েছেন পিএসজিতে।
এই বছর ঠিকানা পাল্টেছে রোনালদোরও। তিন মৌসুম খেলে জুভেন্টাস ছেড়ে ১২ বছর পর ফিরেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে।
পেছন ফিরে দেখলে বোঝা যাবে মেসির জন্য মিশ্র অভিজ্ঞতা হয়েছে এই বছর। বার্সেলোনায় কোপা দেল রে শিরোপা জেতার পর স্বপ্ন পূরণ করেছেন আর্জেন্টিনার সঙ্গে প্রথম ট্রফি হাতে নিয়ে। কোপা আমেরিকা জয়ে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে।
আগস্টে মেসি পিএসজিতে যেতে বাধ্য হন বার্সার আর্থিক জটিলতার কারণে। ফ্রান্সের ক্লাবে ১৬ ম্যাচ খেলে গোল করেছেন ৬টি। ছয় গোলের পাঁচটি আবার চ্যাম্পিয়নস লিগে, একটি লিগ ওয়ানে।
ক্লাব পর্যায়ে রোনালদোর স্মরণীয় বছর কেটেছে, ইতালিতে জুভেন্টাসের হয়ে দুটি কাপ প্রতিযোগিতা জিতলেও লিগে শিরোপাবঞ্চিত হন। তবে মেসির মতো আন্তর্জাতিক ফুটবলে সফল নন তিনি। ৩৬ বছর বয়সী তারকা ইউরোতে বেলজিয়ামের কাছে হেরে শেষ ষোলোতে বিদায় নেন। সেপ্টেম্বরে সাবেক ক্লাব ম্যানইউতে যোগ দিতে ইংল্যান্ডে পা রাখেন রোনালদো।
ব্যক্তিগত অর্জনে পর্তুগিজ ও আর্জেন্টাইন তারকা সমানে সমান বলা যায়। সেপ্টেম্বরে আলী দাইয়িকে পেছনে ফেলে রোনালদো হন আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা। আর নভেম্বরে সপ্তম ব্যালন ডি’অর জিতেন মেসি।
জাতীয় দলের হয়ে মেসি এবার ১৬ ম্যাচ খেলে ৯ গোল ও ৫ অ্যাসিস্ট, জিতেছেন কোপা আমেরিকা। আর রোনালদো ১৪ ম্যাচ খেলে গোল করেছেন ১৩টি, অ্যাসিস্ট একটি।
ক্লাব ফুটবলে রোনালদো জুভেন্টাসের হয়ে ৩১ ম্যাচে ২০ গোল ও তিনটি অ্যাসিস্ট করেছেন, জিতেছেন কোপা ইতালিয়া ও সুপারকোপা ইতালিয়ানা ট্রফি। পরে ম্যানইউতে গিয়ে ১৯ ম্যাচে ১৩ গোল ও দুটি অ্যাসিস্ট তার। সব মিলিয়ে এই বছর ক্লাবের হয়ে ৫০ ম্যাচে ৩৩ গোল ও ৫ অ্যাসিস্ট পর্তুগিজ উইঙ্গারের।
অন্যদিকে মেসি ক্লাবের জার্সিতে ৪৫ ম্যাচ খেলে ৩৪ গোল ও ১৩টি অ্যাসিস্ট। এর মধ্যে বার্সার হয়ে ২৯ ম্যাচ খেলে ২৮ গোল ও ৮ অ্যাসিস্ট। আর পিএসজিতে ১৬ ম্যাচ খেলে ৬ গোল ও ৫ অ্যাসিস্ট।
ঢাকা/ফাহিম