ঢাকা     রোববার   ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৫৩ রানে অলআউট, বড় ব্যবধানে হারল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৪, ৪ এপ্রিল ২০২২   আপডেট: ১৫:৩৪, ৪ এপ্রিল ২০২২
৫৩ রানে অলআউট, বড় ব্যবধানে হারল বাংলাদেশ

২২০ রানে হারল বাংলাদেশ। ২৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ অলআউট হয় মাত্র ৫৩ রানে। চতুর্থ দিন শেষে বিকেলে বাংলাদেশ মাত্র ১১ রানে ৩ উইকেট হারায়। পঞ্চম দিন খেলতে নেমে এক ঘণ্টাও ব্যাটিং করতে পারেনি মুমিনুল হকের দল। ৫৫ মিনিটে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। তাসকিনকে আউট করে ইনিংসের ইতি ঘটান কেশব মহারাজ। তিনি মাত্র ৩২ রান দিয়ে একাই নেন ৭ উইকেট। বাংলাদেশের হয়ে একাই লড়েছিলেন নাজমুল হোসেন শান্ত। তিনি ২৬ রান করেন। ১৪ রান করেন তাসকিন। এ ছাড়া কোনো ব্যাটসম্যান ৫ রানের বেশি করতে পারেননি। 

দক্ষিণ আফ্রিকা: প্রথম ইনিংস- ৩৬৭/১০ (১২১ ওভার)

আরো পড়ুন:

বাংলাদেশ: প্রথম ইনিংস- ২৯৮/১০ (১১৫.৫ ওভার)

দক্ষিণ আফ্রিকা: দ্বিতীয় ইনিংস- ২০৪/১০ (৭৪ ওভার)

বাংলাদেশ: দ্বিতীয় ইনিংস- ৫৩/১০ (১৯ ওভার)

দক্ষিণ আফ্রিকা জয়: ২২০ রানে। 

ম্যান অব দ্য ম্যাচ: কেশব মহারাজ ( ৩২ রান দিয়ে ৭ উইকেট)

৫১ রানে ৯ উইকেট হারিয়ে বড় হারের পথে বাংলাদেশ

ফিরলেন নাজমুল হোসেন শান্তও। ৫০ রানে ৮ উইকেট হারালো বাংলাদেশ।  হার্মারের টার্ন ও ফ্লাইটে সাজঘরে ফিরতে হয় শান্তকে। পা এগিয়ে ড্রাইভ করতে গিয়ে বল মিস করেন। কিপার ভেরিয়েন্নে ধরেই বেলস ফেলে দেন। কিন্তু শান্তর পা তখন দাগের উপরে।  একমাত্র লড়াই করা শান্তকেও ফিরতে হয় সাজঘরে। ৫২ বলে ২৬ রানে আউট হন তিনি।এরপর ক্রিজে আসা খালেদও টিকতে পারেননি। তাকে ফেরান মহারাজ। ৫১ রানে নবম উইকেট হারালো বাংলাদেশ।

৩৩ রানে নেই ৭ উইকেট

কেশব মহারাজের পর হার্মারের আক্রমণ। সাজঘরে ফিরলেন মেহেদি হাসান মিরাজ। স্বাগতিক এই দুই স্পিনারের সামবে যেন দাঁড়াতেই পারছে না বাংলাদেশ। হার্মারের করা ১২তম ওভারের শেষ বল। আউট সাইড অফের বল মিরাজের ব্যাট ছুঁয়ে যায় স্লিপে। পিটারসেন তালুবন্দি করতে ভুল করেননি। ৩৩ রানে সপ্তম উইকেট হারায় বাংলাদেশ। জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ২৪১ রান। আর দক্ষিণ আফ্রিকার মাত্র ৩ উইকেট! ক্রিজে নাজমুল হোসেন শান্তর সঙ্গী তাসকিন আহমেদ।  

মহারাজের ফাইফারে ২৬ রানে ৬ উইকেট হারাল বাংলাদেশ

মুশফিক-লিটনের পর এবার আউট ইয়াসির আলী রাব্বি। সরাসরি বোল্ড। পঞ্চম দিনের খেলার ৫ ওভার না যেতেই বাংলাদেশ হারায় ৩ উইকেট। ৩ উইকেটে ১১ রান নিয়ে দিন শুরু করে বাংলাদেশ। ২৬ রান না হতেই নেই হয়ে যায় ৬ উইকেট! একাই ৫ উইকেট নিয়েছেন কেশব মহারাজ। ৪১ টেস্টে এই নিয়ে অষ্টমবার ৫ উইকেট পেলেন তিনি।

মুশফিকের পর আউট লিটন, শুরুতেই দিশেহারা বাংলাদেশ

পঞ্চম দিনের প্রথম ওভারেই সাজঘরে ফিরলেন মুশফিকুর রহিম। বলের লাইন বুঝতে না পেরে খেলতে যেয়ে ধরা পড়েন মুশফিক। বল পায়ে লাগলে জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার। মুশফিক রিভিউ নিলেও কোনো কাজ হয়নি। ৫ বল খেলে কোনো রান করতে পারেননি এই ডানহাতি ব্যাটসম্যান। এর এক ওভার পরেই আউট হন লিটন দাস। মহারাজকে খেলা শটে কোন জোর ছিল না। ধরা পড়েন মিড অনে হার্মারের হাতে। ৬ বলে ২ রান করেন তিনি। পঞ্চম দিন তিন ওভার না যেতেই ২ উইকেট হারিয়ে দিশেহারা বাংলাদেশ।

ডারবান টেস্টের পঞ্চম দিন শুরু, বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ 

ডারবান টেস্টের পঞ্চম ও শেষ দিন মুখোমুখি দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ২৭৪ রানের লক্ষ্যে পঞ্চম দিন ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। স্কোরবোর্ডে ১১ রান ও হাতে ৭  উইকেট নিয়ে দিন শুরু করেছে মুমিনুল হকের দল। ক্রিজে আছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিম। এখনো প্রয়োজন ২৬৩ রান। 

রান তাড়া করতে নেমে এলোমেলো 

২৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ৬ রান তুলতেই অতিথিরা হারিয়েছে ৩ উইকেট। সাদমানের পর সাজঘরের পথ ধরেছেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মাহমুদুল হাসান জয়। মুমিনুলও টিকতে পারেননি। ক্রিজে ব্যাটিংয়ে আছেন শান্ত ও মুশফিক। বল প্রত্যাশার চেয়ে বেশি ঘুরছে। আছে অসমান বাউন্স। আলো স্বল্পতায় পেস বোলার ব্যবহার করতে পারবে না দক্ষিণ আফ্রিকা। কিন্তু দুই স্পিনার হার্মার ও মহারাজ বাংলাদেশকে এলোমেলো করে দিচ্ছেন।

আলোর স্বল্পতায় খেলা বন্ধ হওয়ার আগে বাংলাদেশের স্কোর ৩ উইকেটে ১১। ২৬৩ রানে পিছিয়ে থাকা বাংলাদেশের জন্য পঞ্চম দিনে কঠিন সময় অপেক্ষা করছে বলার অপেক্ষা রাখে না।

কিংসমিডের রেকর্ডে আত্মবিশ্বাসী বাংলাদেশ! 

অবশ্য ব্যাটিংয়ে বিপর্যয়ের আগে ইতিহাস বাংলাদেশকে আত্মবিশ্বাসী করে তুলেছিল। এ মাঠে চতুর্থ ইনিংসে জয় আছে ১১টি, ড্র আছে ৬টি। হারের রেকর্ডও খারাপ নয়, ১১টি। তবে জয়ের রেকর্ড আত্মবিশ্বাস বাড়াচ্ছে বাংলাদেশকে। দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৪০ রান করে জিতেছিল। অস্ট্রেলিয়া সেই ১৯৫০ রানে ৩৩৬ রানে জিতেছিল। শ্রীলঙ্কা ২০১৯ সালে ৩০৪ রানে জিতেছিল, সেই স্মৃতি তো আজও তরতাজা ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে। তিনশর বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড এই তিনটিই।

দুইশর ঘরে রয়েছে ড্রয়ের রেকর্ড। বাকিগুলো সব দুইশর নিচে। মাত্র চারটি দলই এই মাঠে চতুর্থ ইনিংসে জয় পেয়েছে। দক্ষিণ আফ্রিকা ৭টি, অস্ট্রেলিয়া ২টি এবং ইংল্যান্ড ও শ্রীলঙ্কা ১টি করে ম্যাচ জিতেছে। বাংলাদেশের সামনে ইতিহাস গড়ার হাতছানি। পারবে কি মুমিনুলের দল?

সর্বশেষ

পাঠকপ্রিয়