কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলতে মুখিয়ে লিটন
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের সাকিব আল হাসানের পাশাপাশি দল পেয়েছেন লিটন দাস। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই আসরে বাঁহাতি অলরাউন্ডার সাকিব খেলবেন মন্ট্রিয়ল টাইগার্সে। ডানহাতি উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটনকে নিয়েছে সারে জাগুয়ার্স।
প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় সুযোগ পেয়ে রোমাঞ্চিত লিটন। এক ভিডিও বার্তায় লিটন নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন এভাবে, ‘প্রত্যেকে স্বাগত। আমি লিটন দাস। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি দল সারে জাগুয়ার্সের অংশ হতে পেরে রোমাঞ্চিত। আশা করছি আপনারা আসবেন এবং আমাদের দলকে সমর্থন করবেন। ২০ জুলাই থেকে শুরু হবে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্ট। দেখা হবে তাহলে।’
সাকিব ও লিটনকে গ্লোবাল টি-টোয়েন্টিতে অংশ নিতে অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের পর জাতীয় দলের কোনো খেলা নেই। তাই প্রধান কোচ, টিম ম্যানেজমেন্ট সবার সঙ্গে আলাপ-আলোচনা করেই সাকিব-লিটনকে অনুমতি দেওয়া হয়েছে। সাকিব ২০ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত অনাপত্তিপত্র নিয়েছেন। আর লিটন নিয়েছেন ২০ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত।
সবশেষ ২০১৯ সালে কানাডার গ্লোবাল লিগ অনুষ্ঠিত হয়েছিল। এরপর করোনাভাইরাস মহামারির কারণে গত তিন বছর এই প্রতিযোগিতা আয়োজিত হয়নি। লম্বা বিরতির পর আগামী ২০ জুলাই শুরু হয়ে ৬ আগস্ট পর্যন্ত চলবে এবারের আসর।
লিটনের সঙ্গে সারে জাগুয়ার্সে রয়েছেন অ্যালেক্স হেলস, মোহাম্মদ হারিস, সন্দ্বীপ লামিচানে, জেসন বেহেরেনডর্ফের মতো ক্রিকেটার। আর সাকিবের সঙ্গী হলেন আন্দ্রে রাসেল, ক্রিস লিন, কার্লোস ব্র্যাথওয়েটের মতো ক্রিকেটাররা।
ইয়াসিন/আমিনুল
নিখোঁজ পাইলটকে উদ্ধারে আসা মার্কিন বিমান ধ্বংসের দাবি ইরানের