ঢাকা     শনিবার   ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ||  মাঘ ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাহমুদউল্লাহর জন্য কী অপেক্ষা করছে?

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৩, ২৪ আগস্ট ২০২৩   আপডেট: ২১:১৮, ২৪ আগস্ট ২০২৩
মাহমুদউল্লাহর জন্য কী অপেক্ষা করছে?

পারফরম‌্যান্স যে খারাপ ছিল তেমনটা নয়। দলের অভ‌্যন্তরীণ প্রতিযোগিতায় টিকে যেতেন ভালোভাবেই। তবুও বিশ্রাম আর নতুনদের দেখতে চাওয়ার কথা বলে দল থেকে সরানো হয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদকে। এরপর আর ফেরানোই হলো না বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ানকে।

আরেকটি বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে তখন মাহমুদউল্লাহ দলে ডাক পাবার অপেক্ষার প্রহর গুনছেন। কিন্তু সেই পথ কী এতোটাই মসৃণ? এতোটাই সহজ? উত্তরটা হচ্ছে, না। কারণ, বিশ্বকাপের আগে যে মহাদেশীয় এশিয়া কাপ আয়োজন করা হচ্ছে সেখানে ১৭ জনের স্কোয়াডেও নেই মাহমুদউল্লাহ। আর বিশ্বকাপ স্কোয়াড হবে কেবল ১৫ জনের। শুধু তা-ই নয়, স্ট‌্যান্ডবাই তালিকাতেও রাখা হয়নি তাকে। 

আরো পড়ুন:

অবশ‌্য ‘চোখের আড়াল হচ্ছে না’ যে টার্ম নির্বাচকরা বলে থাকেন সেখানে মাহমুদউল্লাহ টিকে গেছেন। বিশ্বকাপের আগে ইনজুরি শঙ্কায় যে ৮ ক্রিকেটারকে প্রস্তুত করা হচ্ছে সেখানে মাহমুদউল্লাহ আছেন। শুরুর দুদিন মায়ের অসুস্থতায় অনুশীলন না করলেও বুধবার থেকে ডানহাতি স্পিন অলরাউন্ডার প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। ব‌্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই সমানতালে সৌম‌্য, জাকিরদের সঙ্গে অনুশীলন করেছেন মাহমুদউল্লাহ। তবে এই অনুশীলন মানেই বিশ্বকাপ দলে তার সুযোগ হবে তেমনটা নয়। বিশ্বকাপের আগে কোনো ক্রিকেটার চোটে পড়লে তার জায়গায় যাকে নেওয়া হবে সে যেন প্রস্তুত থাকে সেজন‌্য বেঞ্চের ক্রিকেটারদের প্রস্তুত রাখছে টিম ম‌্যানেজমেন্ট। এজন‌্য নির্দিষ্ট ক্রিকেটারকে নির্দিষ্ট অনুশীলন করতেও বলা হয়েছে। তা বাস্তবায়ন করছেন স্থানীয় কোচ সোহেল ইসলাম।

মাহমুদউল্লাহদের অনুশীলন নিয়ে স্থানীয় কোচ সোহেল ইসলাম বলেছেন, ‘ওপর থেকে নির্দেশনা দেওয়া আছে যে কাকে কিভাবে অনুশীলন করানো হবে এবং কার কী ভূমিকা থাকবে। রিয়াদের (মাহমুদউল্লাহ) সঙ্গে কথা বলে সেভাবেই ওর অনুশীলনের সূচি নির্ধারণ করা হয়েছে।’

মাহমুদউল্লাহর অনুশীলনেও বোঝা যাচ্ছিল দলে ফেরার তীব্র তাড়না। উইকেটে থিতু হওয়ার পর টাইমিংয়ে বড় শট খেলেছেন ইচ্ছে মতোন। যেমনটা স্লগ অনুশীলনে করে থাকেন। এছাড়া তার ফিল্ডিং নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। সেখানেও কোনো জড়তা দেখাননি। গ্রাউন্ড ফিল্ডিংয়ের সঙ্গে হাই ক‌্যাচ ফিল্ডিং ও সীমানায় বেশ ভালো দৌড়ঝাঁপ করেছেন।

মাহমুদউল্লাহর ভবিষ‌্যৎ কী হবে তা সময়ই বলে দেবে। তবে তাকে নিয়ে বাজি ঠিকই ধরেছেন খালেদ মাহমুদ সুজন, যার হাতে ধরেই ঢাকার ক্রিকেটে তার উত্থান, ‘আমি এখনই বলব না যে, ওর শেষটা দেখছি। এখনও রিয়াদ (মাহমুদউল্লাহ) দারুণ লড়াকু। দলের সমন্বয় বা যে কারণেই বাদ পড়ুক না কেন, টিম ম্যানেজমেন্ট বা নির্বাচকরা যদি না নেয়, তাতে ভেঙে পড়ার কিছু নেই।’

বিশ্বকাপের দল দিতে হবে ৫ সেপ্টেম্বরের ভেতরে। এরপরও পরিবর্তন করা যাবে। কিন্তু সাকিবের বিশ্বকাপ দলে মাহমুদউল্লাহর ঠাঁই হবে কিনা তা সময়ই বলে দেবে। অধিনায়কত্ব পাওয়ার পর সাকিব আজই প্রথম এসেছিলেন মিরপুর হোম অব ক্রিকেটে। ড্রেসিংরুমে সাকিবের সঙ্গে মাহমুদউল্লাহর শুধু সাক্ষাৎ-ই হয়নি, দুজনের লম্বা সময়ের মিটিংও হয়েছে। বলার অপেক্ষা রাখে না, এই মিটিংয়ে মাহমুদউল্লাহর দলে থাকা না থাকা নিয়েও হয়েছে আলোচনা। তবে গোপন এই মিটিংয়ের খবর বাইরে আসেনি। যা আলোচনা থেকেছে দুজনের মধ‌্যে।

ইন্ট্রা স্কোয়াডের ম‌্যাচ বৃষ্টির কারণে পিছিয়ে ৪০ ওভারে অনুষ্ঠিত হয়। সাকিব ম‌্যাচ শুরুর পরপরই বেরিয়ে যান স্টেডিয়াম থেকে। মাহমুদউল্লাহও ছিলেন না ম‌্যাচে। এছাড়া তৃতীয় সন্তানের বাবা হওয়া তাসকিন আহমেদ এবং সন্তান সম্ভাব‌্য স্ত্রীকে নিয়ে হাসপাতালে চেক আপ করতে যাওয়া নাজমুল হোসেন শান্ত ম‌্যাচে অংশ নিতে পারেননি। বাকিরা সবাই ছিলেন ম‌্যাচে।

ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়